কুরনুলে ভয়াবহ বাস দুর্ঘটনা, বাসে আগুনে অন্তত ২৫ জনের মৃত্যুর আশঙ্কা
অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ বাসদুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার ভোররাতে হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ের ওপর একটি যাত্রীবোঝাই স্লিপার বাসে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। মোট ৪২ জন যাত্রী নিয়ে চলছিল বাসটি, যখন চিন্নাটেকুর গ্রামের কাছে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়, মুহূর্তের মধ্যেই পুরো বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে।
দমকল বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে চলছে শীতলীকরণ বা কুলিং অপারেশন। সঠিক মৃত্যুর সংখ্যা জানা যাবে কিছু সময় পর। ইতিমধ্যেই পুড়ে যাওয়া বাসের ধ্বংসস্তূপ থেকে অন্তত ২৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি ছিল কালেশ্বরম ট্রাভেলসের। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাসে চালক ও সহকারী সহ মোট ৪২ জন ছিলেন। আগুনের সূত্রপাতের পর বহু যাত্রী ঘুমন্ত অবস্থায় আটকে পড়েন বলে জানা গেছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তিনি এক্স হ্যাণ্ডেলে লেখেন, "কুরনুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে ঘটে যাওয়া ভয়াবহ বাসদুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকার সব রকম সাহায্য করবে।"
দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী, রাজ্য প্রধান সচিব ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন ও অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেওয়ার নির্দেশ দেন। আহতদের দ্রুত চিকিৎসা ও মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
পূর্বতন মুখ্যমন্ত্রী ও ওয়াই এস আর সি পি কংগ্রেস প্রধান ওয়াই.এস. জগনমোহন রেড্ডিও গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর মতে,"হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী এই বাসদুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এতজন যাত্রী পুড়ে মারা যাওয়ার খবর শুনে আমি স্তম্ভিত। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"
রাতের অন্ধকারে আগুনে ঝলসে যাওয়া এই দুর্ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে।












Click it and Unblock the Notifications