সেপ্টেম্বরেও তাপমাত্রা কমার লক্ষণ নেই! মরুরাজ্যে ভাঙল ৭৪ বছরের রেকর্ড
মার্চ, এপ্রিল কিংবা মে মাস নয়, এটা সেপ্টেম্বর। এই মাসেও তাপমাত্রা কমার লক্ষণ নেই মরু রাজ্য রাজস্থানে। সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়েছে ৪৩ ডিগ্রি। শনিবার জয়সলমিরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৭৪ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, জয়সলমিরে শনিবারের এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর অর্থ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়া। আবহাওয়া দফতর আরও জানিয়েছেন, এর আগে জয়সলমিরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৪৯-এর ১০ সেপ্টেম্বর ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

শুধু জয়সলমিরেই নয়, শনিবার মরু রাজ্যের বেশ কিছু এলাকায় প্রচন্ড গরম ছিল। ওই দিন বারমেঢ় ছিল রাজ্যের মধ্যে দ্বিতীয় উষ্ণতম। তাপমাত্রা ছিল ৪০,৩ ডিগ্রি সেলসিয়াস। তারপরে বিকানেরে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যোধপুরে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, জালোরে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, গঙ্গানগরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার রাজধানী জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সেখানে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া একইরকমের থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩-১৪ সেপ্টেম্বর পূর্ব রাজস্থানের কিছু অংশে মৌসুমী বায়ু ফের একবার সক্রিয় হতে পারে।
তবে উল্লিখিত এলাকাগুলিতে তীব্র গরম কিংবা তাপপ্রবাহ থাকলেও, আজমেঢ়, ভরতপুর, উদয়পুর, কোটার মতো জায়গায় শনিবার বৃষ্টি হওয়ায় তাপমাত্রা ছিল অনেকটাই কম।
আবহাওয়া দফতর জানিয়েছে, মরু রাজ্যে বর্ষার মরসুমে যে পরিমাণ বৃষ্টির দরকার ছিল, তার তুলনায় ৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩৯৮.৪ মিমি বৃষ্টি হয়। এবার সেখানে বৃষ্টি হয়েছে ৪১৯. ৬ মিমি। পূর্ব রাজস্থানের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় ১২ শতাংশ আর পশ্চিম রাজস্থানের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় ৩৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications