Telangana Election Results 2023: তেলেঙ্গানাকে জয়ের নেপথ্যে রাহুল-বেরন্ত জুটি, RRR কীভাবে আনলেন সাফল্যে?
উত্তর ভারতের তিন রাজ্য(মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান) এবং উত্তর-পূর্বের মিজোরামে সরকার গঠনের স্বপ্ন অধরাই থেকেছে কংগ্রেসের। কিন্তু হাত শিবিরকে আশাভঙ্গ করেনি তেলেঙ্গানা। স্বাধীন তেলেঙ্গানা গঠনের পর এই রাজ্যে প্রথমবার ক্ষমতা হাতে এসেছে কংগ্রেসের। কংগ্রেসের এই সাফল্যের নেপথ্যে আরআরআর(RRR)। রেবন্ত রেড্ডি ও রাহুল, তেলেঙ্গানায় এখন আরআরআর জুটি নামেই পরিচিত হয়ে উঠেছেন।
উত্তর ভারতের তিন রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস ছিল , কিন্তু তেলেঙ্গানায় এগিয়ে ছিল কংগ্রেসই। দাক্ষিণাত্যের এই রাজ্য অবশ্য হতাশ করেনি কংগ্রেসকে। ২০২১ সালে এস এস রাজামৌলি পরিচালিত 'আরআরআর'-এর একটি গান অস্কার জিতে এনেছিল- 'নাটু নাটু'। যার অর্থ, 'নাচো নাচো'। তেলেঙ্গানা জুড়ে এখন নাটু নাটুর সুর। সৌজন্যে রেবন্ত রেড্ডি ও রাহুল।

তেলেঙ্গানায় ভোটের গোটা প্রচার পর্বেই রাহুল এবং রেবন্ত জুটি হয়ে ছিলেন। একসঙ্গে সভা করা থেকে রোড শো সব কিছুই করেছিলেন। সেই রেবন্তই ২০২৩-এ কংগ্রেসকে জয়ের স্বাদ দিলেন। দলের জয়ের পর রেবন্ত বলেন, 'রাহুল গান্ধীর সমর্থনে তেলেঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস। আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য আমি রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই।'
সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী কেসিআরের মতো রেবন্তও রাজ্যের দুটি আসনে প্রার্থী ছিলেন। কেসিআর ও রেবন্ত একে অপরের বিরুদ্ধে লড়াই করেন কামারেড্ডি কেন্দ্রে।কিন্তু কেউই জেতেননি। দুই নেতার লড়াইয়ের মাঝে ভোটা কাটাকাটিতে বিজেপি জিতে যায় ওই আসনটি। তবে রেবন্ত জিতেছেন কোদাঙ্গলে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেলেঙ্গানাতে ভারত জোড়ো যাত্রা অবশ্যই কংগ্রেসকে সাহায্য করেছে পাশাপাশি রেবন্ত রেড্ডিও জয়ের ক্ষেত্রে অবদান রেখেছিলেন, এবং তারপরে অন্যান্য দলের নেতাদের কংগ্রেসে যোগদানের সময় আসে এবং সেই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতাও একটা ইস্যু হয়।'
তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে কে বসবেন? তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে। একাধিক নাম নিয়ে চলছে গুঞ্জন। তবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে রেবন্ত রেড্ডি-র নাম সামনে আসছে। ইতিমধ্যে তাঁকে নিয়ে কংগ্রেসের কর্মীরা উচ্ছ্বাস দেখিয়েছেন ফল ঘোষণার পর থেকেই।কিন্তু মুখ্যমন্ত্রী ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। আপাতত তেলেঙ্গানাতে নাটু নাটু সুরই বাজছে।












Click it and Unblock the Notifications