Telangana Election Results 2023: টিআরএসে ভারত নাম জুড়ে তেলেঙ্গানাতেই রথের চাকা আটকাল কেসিআরের
Telangana Election Results 2023: তেলেঙ্গানাতেই মুখরক্ষা হল কংগ্রেসের। অন্যদিকে পরপর দু-বার জয়ী হলেও, তৃতীয়বারের জন্য ক্ষমতা হাতছাড়া হল ভারত রাষ্ট্র সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের। দুবারের মুখ্যমন্ত্রী কেসিআরের জন্য এটা একটা বড় ধাক্কা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই কেসিআরের এই পরাজয়ের পিছনে তাঁর জাতীয় রাজনীতির প্রতি ঝোঁককেই দায়ী করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে জয়ের পরে কেসিআর লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্টের কথা বলেছিলেন। অন্যদিকে তিনি বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটেও যোগ দেননি। এছাড়াও নিজের দলের নাম থেকে আঞ্চলিক তকমা ঝেড়ে ফেলতে এর নাম পরিবর্তন করে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির থেকে ভারত রাষ্ট্র সমিতি করেন ২০২২-এর অক্টোবরে।

দলকে তেলেঙ্গানার বাইরে ছড়িয়ে দিতে কেসিআর মহারাষ্ট্রেও গিয়েছিলেন। সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও নিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় অবশ্য রাজ্যের বিধানসভা নির্বাচনের এক বছরও বাকি নেই। বিজেপি ও কংগ্রেস সেখানে দুর্নীতির অভিযোগে প্রচার জোরদার করছে। এছাড়াও কেসিআর বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী নেতাদের সঙ্গেও দেখা করেছেন। এমন কী তিনি পটনায় গিয়ে নীতীশ কুমারের সঙ্গেও দেখা করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তেলেঙ্গানায় হারের পিছনে রয়েছে কেসিআরের অতিরিক্ত আত্মবিশ্বাস। তৃতীয়বার জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। এছাড়াও নিজেকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তিনি ছেলে কেটি রাম রাওকে তেলেঙ্গানার রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। প্রসঙ্গত কেটি রাম রাও কেসিআর মন্ত্রিসভার সদস্যও ছিলেন।
তেলেঙ্গানায় হারের ফলে কে চন্দ্রশেখর রাও এমন একটা জায়গায় পড়লেন যে, লোকসভা নির্বাচনের আগে নিজের রাজ্যেই বিরোধী দলগুলিকে এক জায়গায় যদি তিনি আনতেও চান, তাহলেও সেই প্রচেষ্টা সফল হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তেলেঙ্গানার ১১৯ টি আসনের মধ্যে কংগ্রেস ৬৩ টি আসনে, বিআরএস ৪০ টি আসনে, বিজেপি ৮ টি আসনে এবং এআইএমআইএম ছটি আসনে এগিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications