Telangana Election Results 2023: প্রথমবার রাজ্যের ক্ষমতায়! কর্নাটক মডেলেই তেলেঙ্গানায় বাজিমাত কংগ্রেসের
Telangana Election Results 2023: গত ৩০ নভেম্বর তেলেঙ্গানার নির্বাচনের আগে কর্নাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সংবাদ মাধ্যমকে বলেছিলেন, কর্নাটকের মতো গ্যারান্টি আর কল্যাণমূলক প্রকল্পের মডেল রাজ্যে কাজ করবে। তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তিনি।
শেষ পর্যন্ত হলও তাই। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কংগ্রেস তেলেঙ্গানায় ১১৯ টি আসনের মধ্যে ৬৩ টিতে এগিয়ে রয়েছে। বিআরএস এগিয়ে রয়েছে ৪১ টি আসনে। তেলেঙ্গানা রাজ্য গঠনের পরে, পরপর দুবার ক্ষমতায় এসেছিল কেসিআর-এর দল। তৃতীয় ক্ষমতা ছিনিয়ে নিল কংগ্রেস।

এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পিছনে নির্বাচনী ইস্তেহারে কল্যাণমূলক প্রকল্পের অন্তর্ভুক্তি কাজ করেছে বলে দাবি কংগ্রেসের। পাশাপাশি একই কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রসঙ্গত তেলেঙ্গানায় কংগ্রেসের ইস্তেহারে ছটি গ্যারান্টি ছাড়াও আরও বেশ কিছু বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছিল।
কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছিল, দল ক্ষমতায় আসলে মহিলাদের প্রতিমাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া এলপিজি সিলিন্ডার ৫০০ টাকায় এবং আরটিসির বাসে তারা বিনামূল্যে যাওয়ার সুযোগ পাবেন।
রাইথু ভরোসা স্কিম: কৃষক ও ইজারাধারীদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষেতমজুররা প্রতিবছর ১২ হাজার টাকা করে পাবেন। ধানের ওপরে প্রতি কুইন্টালে ৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে।
ইস্তেহারে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী,
- গৃহ জ্যোতি প্রকল্পে ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।
- ইন্দিরা আম্মা ইন্দলু স্কিমে বাড়ি তৈরির জন্য বিনামূল্যে জমি এবং পাঁচ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে ইস্তেহারে বলা হয়েছে।
- যুব বিকাশ স্কিমে শিক্ষার্থীদের ৫ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়াও তেলেঙ্গানার প্রতিটি জেলায় আন্তর্জাতিক স্কুল খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
- চেয়ুথা প্রকল্পে প্রবীণ নাগরিকদের চার হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। এছাড়াও রাজ্যে আরোগ্যশ্রীর অধীনে তাদেরকে দশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হবে।
তেলেঙ্গানার আগে কল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতির মাধ্যমে জনগণকে আকৃষ্ট করেছিল কর্নাটকের কংগ্রেস। এই বছরের শুরুতে সেখানে নির্বাচন হয় এবং কংগ্রেস সেখানে বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। এব্যাপারে কর্নাটকের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কংগ্রেস তাদের সব পরিকল্পনার বাস্তবায়ন করেছে এবং সব গ্যারান্টি পূরণ করেছে।
- প্রসঙ্গত কর্নাটকে কংগ্রেসের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে ছিল ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, প্রত্যেক পরিবারের মহিলা প্রধানকে ২ হাজার টাকা করে মাসিক সহায়তা, বিপিএল পরিবারের প্রত্যেক সদস্যকে বিনামূল্যে ১০ কেজি করে চাল, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্নাতক বেকার যুবক-যুবতীদের জন্য প্রতিমাসে তিন হাজার করে টাকা। এছাড়াও ছিল বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ।
তেলেঙ্গানায় প্রচারে গিয়ে রাহুল গান্ধীও বলেছিলেন, দল ক্ষমতায় আসলে তেলেঙ্গানায় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ছটি গ্যারান্টি আইনে পরিণত করা হবে। এখন কংগ্রেস কমে এই প্রতিশ্রুতি পূরণ করে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications