Telangana Election Results 2023: বিজেপির মিশন ২০২৪-এ সাহায্য করবে কংগ্রেসের তেলেঙ্গানা জয়! কিন্তু কোন অঙ্কে
Telangana Election Results 2023: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ের তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় জয়ের পথে বিজেপি। কিন্তু তেলেঙ্গানায় বিজেপি কোনও ছাপ ফেলতে পারেনি। তবে একটি আসন থেকে বেড়ে গেরুয়া শিবিরের ঝুলিতে গিয়েছে আটটি আসন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ও লোকসভা নির্বাচনে বিজেপিকে সাহায্য করবে।
নভেম্বর চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে কংগ্রেস হিন্দি বলয় থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণের রাজ্যগুলির মধ্যে প্রথমে কর্নাটক এবং পরে তেলেঙ্গানা জয় করে বড় মুখ হিসেবে এগিয়ে গিয়েছে তারা। কিন্তু তেলেঙ্গানায় কংগ্রেসের জয় ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে বড় সুবিধা করে দিতে পারে।

২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধিতায় ইন্ডিয়া ব্লক গঠন করা হয়েছে। তবে নভেম্বরে হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজ্যে ইন্ডিয়া ব্লকের সদস্যরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। হিন্দি বলয়ে কংগ্রেস কার্যত অস্তিত্বহীন হয়ে পড়লেও, তাদের ফলাফল অন্য আঞ্চলিক দলগুলির থেকে ভাল। যে কারণে লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া ব্লকে আসন ভাগাভাগির সময়, কংগ্রেস বেশি আসন দাবি করতে পারবে।
সে ক্ষেত্রে আঞ্চলিক দলগুলি কোনও অবস্থাতেই কংগ্রেসের কাছে নতি স্বীকার মেনে নেবে না। এমন পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত অশান্তি দেখা দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বিরোধীদের সেই লড়াই থেকেই বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
তৃণমূল, আপ, এসপি-সহ কয়েকটি আঞ্চলিক দল আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে আগ্রহী হলেও, কংগ্রেসের লক্ষ্য ছিল এইসব রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের ফল। কিন্তু কংগ্রেস তেলেঙ্গানা ছাড়া বাকি রাজ্যগুলিতে সুবিধা করতে না পারায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে। এই হারের জন্য কংগ্রেসের ব্যর্থতাকেই দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
আপ-এসপির মতো বিরোধীদলগুলিও কংগ্রেসকে ছেড়ে কথা বলছে না। বিজেপি বিরোধী দলগুলির মধ্যে এই বিরোধ কি তর্কের পর্যায়েই থেকে যায়, নাকি তা আসন ভাগাভাগিতে প্রভাব ফেলে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications