Telangana election 2023: জাত শুমারিকে X-Ray-র সঙ্গে তুলনা! ভোট প্রচারে BJP-BRS সম্পর্কের অভিযোগ রাহুলের
তেলেঙ্গানায় দলের নির্বাচনী প্রচারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভূপালপল্লির পান্নুর গ্রামে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বিজেপি, বিআরএসের পাশাপাশি এআইএমআইএমকে নিশানা করেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবারের নির্বাচনে হারতে চলেছেন। তিনি আরও বলেছেন, এই লড়াই রাজা আর প্রজার লড়াই। তেলেঙ্গানায় জনগণের শাসনের জায়গায় একটি পরিবার শাসন করছে বলে মন্তব্য করেন তিনি।
রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, সেখানকার জনগণের সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি দেশের মধ্যে দুর্নীতির শীর্ষে রয়েছে তেলেঙ্গানা। তারপরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পিছনে কেন সিপিআই বা ইডি যায় না, সেই প্রশ্ন তুলেছেন রাহুল। প্রসঙ্গত এই মুহূর্তে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ইডি-সিবিআইকে ইচ্ছাকৃতভাবে বিরোধী নেতাদের পিছনে ব্যবহার অভিযোগ তুলেছে।

পাশাপাশি রাহুল গান্ধী বলেছেন, জাত শুমারি দেশে এক্স-রে হিসেবে কাজ করবে। তিনি বলেছেন, কংগ্রেস যখন জাত শুমারির কথা বলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেউই কিছু বলেন না। উল্লেখ্য সম্প্রতি বিহারের জাত সমীক্ষায় উঠে এসেছে, সেখানকার জনসংখ্যায় ওবিসিদের অংশ ৬০ শতাংশের বেশি।
রাহুল গান্ধী বলেছেন, দেশের সব থেকে বড় ইস্যু হল জাত শুমারি। দেশে কত দিল, ওবিসি, আদিবাসী এবং সাধারণ শ্রেণির মানুষ রয়েছে এবং তাদের কতটা অংশগ্রহণ সে সম্পর্কে তথ্য একমাত্র বর্ণ শুমারিই করতে পারে। তিনি বলেছেন, এটা এক্স-রের মতো। দেশে সম্পদ কীভাবে বন্টন হচ্ছে, তাও এই জাত শুমারির মাধ্যমে জানা যাবে।
রাহুল গান্ধী আশ্বাস দিয়ে বলেছেন, কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতায় এলে জাত শুমারি করা হবে। তিনি বলেছেন, জিএসটি দোকানদার পকেট থেকে বেরিয়ে আদানিজির পকেটে যায়। এমন দেশ কংগ্রেস চায় না বলেই জানান তিনি। রাহুল গান্ধী বলেছেন আজ দেশের ধনী ব্যক্তিদের ঋণ মকুব করা হয়েছে। কিন্তু কোনও কৃষক যদি ব্যাঙ্কের ঋণ মকুব চান, তাহলে তাঁকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।
সমাবেশে আসা জনগণের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, তিনি যখনই বিজেপির বিরুদ্ধে লড়াই করেন, তার বিরুদ্ধে মামলা করা হয়। তাঁর লোকসভার সদস্যপদ কেড়ে নেওয়া হয়।
বহু মানুষের উপস্থিতিতে রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি ও কেসিআরের মধ্যে যোগসাজস রয়েছে। বিজেপি ও বিআরএসের মধ্যে সম্পর্ক রয়েছে। তিনি বলেছেন, বিজেপির থেকে লাভবান হয় এআইএমআইএমও।












Click it and Unblock the Notifications