Telangana election 2023: তেলেঙ্গানার জন্য বিজেপির প্রথম প্রার্থী তালিকা! মধ্যপ্রদেশ-রাজস্থান ফর্মুলা অনুসরণ
Telangana election 2023: তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন হবে ৩০ নভেম্বর। তার আগে রবিবার ২২ অক্টোবর সেখানকার ৫২ জনের প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি। সেই তালিকায় প্রাক্তন রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কুমার-সহ লোকসভায় তিনজন সাংসদকে টিকিট দেওয়া হয়েছে।
গত বছর নবি মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যে অভিযুক্ত ফায়ার ব্র্যান্ড নেতা টি রাজা সিংকে গোশামহল আসন থেকে মনোনয়ন দিয়েছে বিজেপি। দলের নির্বাচনী কমিটির প্রধান এটেলা রাজেন্দরকে হুজুরাবাদ থেকে প্রার্থী করা হয়েছে।

বিদায়ী বিধানসভার প্রতিনিধি কুমারকে করিমনগর থেকে এবং অন্য দুই সাংসদ সোয়ম বাপু রাও এবং ধর্মপুরী অরবিন্দকে বোথ ও কোরাতলা থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রসঙ্গত রাজ্য থেকে লোকসভায় বিজেপির সাংসদ রয়েছেন চারজন। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডির নাম বিজেপির প্রথম তালিকায় নেই।
প্রসঙ্গত এর আগে বিজেপির তরফে মধ্যপ্রদেশ ও রাজস্থানেও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের বিধানসভায় প্রার্থী করা হয়েছে। সেক্ষেত্রে বিজেপি তেলেঙ্গানায় মধ্যপ্রদেশ ও রাজস্থানের ফর্মুলা অনুসরণ করল।
তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতাসীন বিআরএসের প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে কংগ্রেসও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সেখানে। ওয়াইএস শর্মিলার ওয়াইএসআরটিপির সঙ্গে জোট না হলেও অধ্যাপক কোদান্দারামের নেতৃত্বাধীন তেলেঙ্গানা জন সমিতির সঙ্গে জোট করেছে কংগ্রেস। শুক্রবার করিমনগরে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন অধ্যাপক কোদান্দারাম। সেই সময় তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং অন্য সিনিয়র কংগ্রেস নেতারা কোদান্দারামের সঙ্গে ছিলেন।
রাহুল গান্ধী তেলেঙ্গানায় প্রচারে গিয়ে বলেছেন, তাঁর মা এবং প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী তেলেঙ্গানা রাজ্য তৈরিকে সহায়তা করেছিলেন। সনিয়া গান্ধী যদি সাহায্য না করতেন, তাহলে পৃথক তেলেঙ্গানা গঠন করা হত না, বলেছেন তিনি।
এদিকে এই মন্তব্যের প্রেক্ষিতে তেলেঙ্গানার শাসক ভারত রাষ্ট্র সমিতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেছে, তেলেঙ্গানাকে ধ্বংস করার জন্য গান্ধী পরিবারের সম্পূর্ণ অবদান রয়েছে।












Click it and Unblock the Notifications