তেলাঙ্গানায় কার হাতে থাকবে ক্ষমতা, কী ফলাফল তুলে এনেছে টাইমস নাউ
তেলাঙ্গানায় ভোট হয়েছে এদিন শুক্রবার। এরাজ্যে ভোট হওয়ার কথা ছিল লোকসভার সঙ্গে একসঙ্গে।
তেলাঙ্গানায় ভোট হয়েছে এদিন শুক্রবার। এরাজ্যে ভোট হওয়ার কথা ছিল লোকসভার সঙ্গে একসঙ্গে। তবে সেপ্টেম্বরের ৬ তারিখ রাজ্য মন্ত্রিসভা ভেঙে দেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। যার ফলে পরে নির্বাচন কমিশন বাকী চার রাজ্যের সঙ্গে মিলে তেলাঙ্গানায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। তেলাঙ্গানায় ত্রিমুখী লড়াই হয়েছে। একদিকে রয়েছে কংগ্রেস, তেলুগু দেশম পার্টি, তেলাঙ্গানা জন সমিতি ও সিপিআই। অন্যদিকে রয়েছে বিজেপি ও তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। কার হাতে এল ক্ষমতা, দেখে নেওয়া যাক টাইমস নাউ-এর সমীক্ষা ফলাফল কী বলছে।

ফের ক্ষমতায় টিআরএস
তেলেঙ্গানায় ১১৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। টাইমস সমীক্ষা বলছে, এরাজ্যে ফের ক্ষমতায় আসতে চলেছে তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। ফলে ফের একবার মুখ্যমন্ত্রীর গদিতে বসতে চলেছেন কে চন্দ্রশেখর রাও। টিআরএস পেতে পারে ৬৬টি আসন।

দ্বিতীয় স্থানে কংগ্রেস
এছাড়া কংগ্রেস ও টিডিপি-র জোট তেলাঙ্গানায় ৩৭টি আসন পেতে পারে। বিজেপি এরাজ্যে সেভাবে দাঁত ফোটাতে পারেনি। পেতে পারে ৭টি আসন। এছাড়া অন্যান্যরা পেতে পারে ৯টি আসন।

আসন বাড়ছে বিজেপির
তেলাঙ্গানায় টিআরএসের বর্তমানে ৬৩টি আসন ছিল। কংগ্রেসের ছিল ৩৭টি আসন। বিজেপির ছিল ৫টি ও অন্যান্যদের ১৪টি আসন। ফলে দেখা যাচ্ছে একমাত্র টিআরএস ও বিজেপি গতবারের চেয়ে বেশি আসন পাচ্ছে। কংগ্রেসের আসন একই থাকছে।












Click it and Unblock the Notifications