Telangana Assembly Election Result 2023: বিজেপি পারল না! স্বাধীনতার পর এই প্রথম তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার
Telangana Assembly Election Result 2023: তেলেঙ্গানায় বিজেপির সরকার গঠনের স্বপ্নভঙ্গ হয়েছে। সরকার গঠনের হ্যাটট্রিক করতে পারল না ভারত রাষ্ট্র সমিতি বা পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।
স্বাধীনতার পর এই প্রথম তেলেঙ্গানায় প্রতিষ্ঠিত হচ্ছে কংগ্রেসের সরকার। কংগ্রেসই দ্বিতীয় কোনও দল যারা সরকার গঠন করছে দক্ষিণ ভারতের এই রাজ্যে।

অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল তেলেঙ্গানা। ২০১৪ সালে এখানে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়। সেই ভোটে ১১৯টি আসনের মধ্যে বিআরএস বা পূর্বতন টিআরএস পেয়েছিল ৬৩টি আসন, কংগ্রেস পায় ২১টি আসন। তেলুগু দেশম পেয়েছিল ১৫টি আসন। ২০১৮ সালের বিধানসভা ভোটেও সরকার ধরে রাখতে সক্ষম হয় কে চন্দ্রশেখর রাওয়ের দল।
২০১৮ সালের বিধানসভা ভোটে কেসিআরের দল পেয়েছিল ৮৮টি আসন, কংগ্রেসের ঝুলিতে যায় ১৯টি আসন, তৃতীয় স্থানে উঠে এসেছি মিম ৭টি আসন দখল করে। যদিও এবার আর সরকার ধরে রাখতে পারল না ভারত রাষ্ট্র সমিতি। গত দুটি বিধানসভা ভোটের তুলনায় সবচেয়ে খারাপ ফল তাদের। আসন সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি।
সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে ১১৯টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে বা এগিয়ে আছে মোট ৬৪টি আসনে। বিআরএস এগিয়ে বা জিতেছে মোট ৪০টি আসনে। বিজেপি ৯টি আসনে জিতেছে বা এগিয়ে রয়েছে। বিজেপি দক্ষিণ ভারতের এই রাজ্যে ক্ষমতা দখলের বাসনা নিয়ে জোরালোভাবে ঝাঁপিয়েছিল।
তবে নরেন্দ্র মোদী প্রচার বা রোড শো করলেও তেলেঙ্গানায় কিন্তু কাজ করল না মোদী-ম্যাজিক। যদিও বিজেপির আসন বেড়েছে। ২০১৮ সালের বিধানসভা ভোটে বিজেপির ছিল ১টি আসন। ২০১৪ সালের তুলনায় কমেছিল চারটি আসন। সেক্ষেত্রে তেলেঙ্গানায় এবার ভালো ফল করল গেরুয়া শিবির।
অন্যদিকে, ২০০৯ সালে শেষবার অন্ধ্রপ্রদেশে কংগ্রেস সরকার গঠন করেছিল। এবার তেলেঙ্গানায় এই প্রথমবার জয় ছিনিয়ে বিজয়োল্লাসে মেতেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে আপাতত এই রাজ্যই মান বাঁচাল কংগ্রেসের। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন তেলেঙ্গানায় প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেবন্ত রেড্ডি।












Click it and Unblock the Notifications