Telangana Assembly Election 2023: ২ শতাংশের ফারাকেই সরকার বদল! তেলেঙ্গানায় কাদের ঝুলিতে কতটা ভোট?
Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় ২০১৪ ও ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা অধুনা ভারত রাষ্ট্র সমিতি। যদিও এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে বিআরএসের।
প্রাপ্ত ভোটের নিরিখে মাত্র ২ শতাংশের ফারাকে তেলেঙ্গানায় বদলে গেল শাসক দলের নাম। স্বাধীনতার পর প্রথমবার তেলেঙ্গানায় হচ্ছে কংগ্রেস সরকার।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস পেল ৬৪টি আসন। বিআরএস থেমেছে ৩৯টি আসনে। কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ৩৯.৪০ শতাংশ। বিআরএসের প্রাপ্ত ভোটের শতকরা হার ৩৭.৩৫ শতাংশ। অর্থাৎ ২ শতাংশ ভোট বেশি পেয়ে আসন সংখ্যার ফারাক অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছে কংগ্রেস।
২০১৮ সালের বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী ভারত রাষ্ট্র সমিতির ভোট কমেছে ১০ শতাংশ। সেবার তারা পেয়েছিল ৪৭ শতাংশ ভোট। কংগ্রেসের ভোট বেড়েছে ১১ শতাংশ। ২০১৮ সালে বিআরএসের ঝুলিতে এসেছিল ৮৮টি আসন, সেবার কংগ্রেস পায় ১৯টি আসন। কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল ২৮.৪ শতাংশ।
২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর যে কয়েকটি উপনির্বাচন এবং গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল নির্বাচন হয়েছিল তাতে বিআরএসের প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে আসছিল বিজেপি। বিজেপি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৭ শতাংশ ভোট পেয়ে মাত্র একটি আসনে জিতেছিল। এবার তারা ভোটের হার দ্বিগুণ বাড়িয়ে আসন সংখ্যা বাড়িয়ে নিয়ে গিয়েছে আটে।
বিজেপি নেতৃত্বের দাবি, অনগ্রসর সম্প্রদায়ের একজনকে মুখ্যমন্ত্রী করা এবং এসসি ক্যাটেগরি পুনর্বিন্যাসে নরেন্দ্র মোদী যে কমিটি গঠনের আশ্বাস দিয়েছিলেন তারই সুফল মিলেছে ভোটবাক্সে। না হলে কংগ্রেসের ভোট আরও বাড়তে পারতো। রাজনৈতিক মহলের ধারণা, সুকৌশলে বিআরএসের ভোটের কিছুটা অংশ নিজেদের দিকে টানতে পেরেছে গেরুয়া পার্টি। টিডিপির ভোট গিয়েছে কংগ্রেসের দিকে। এআইমিম এবারও সাতটি আসন ধরে রেখেছে। তাদের প্রাপ্ত ভোটের হার ২.৭ থেকে কমে হয়েছে ২.২২ শতাংশ।












Click it and Unblock the Notifications