জোকিহাটে জয়ের পরই নীতীশ কুমারের পদত্যাগ দাবি তেজস্বীর, বললেন 'লালুবাদ'-এর জয়
জোকিহাটে বিপুল জয়ের পরই সাংবাদিক সম্মেলন করেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। তিনি দাবি করেন, 'এই নিয়ে লাগাতার তিনটি উপনির্বাচনে আমরা বিজেপি ও জেডিইউ জোটকে পরাস্ত করলাম।
লালুপ্রসাদ যাদব জেলে গেলেও ভোটের রণশ্রক্ষেত্রে আরজেডি-কে বিপাকে ফেলতে পারছে না বিজেপি ও জেডিইউ জোট। এই নিয়ে বিহারে টানা তিনটি উপনির্বাচনে আরজেডি-র কাছে পরাজয় স্বীকার করতে হল তাদের। বিহারের জোকিহাট বিধানসভা আসনটি ছিল জেডিইউ-এর দখলে। কিন্তু, বিধায়ক সরফরাজ আলম আরজেডি-তে যোগ দিয়ে জেহানাবাদ লোকসভা আসনে প্রার্থী হয়েছিলেন। সেই উপনির্বাচনেও জয়ী হয়েছিলেন সরফরাজ আলম। এর ফলে জোকিহাট বিধানসভা আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়েছিল।

রাষ্ট্রীয় জনতা দল জোকিহাট উপনির্বাচনে প্রার্থী হিসাবে সরফরাজ আলমের ভাই শাহনওয়াজ আলমকে প্রার্থী করেছিল। ৪০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন শাহনওয়াজ আলম।
এই বিপুল জয়ের পরই সাংবাদিক সম্মেলন করেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। তিনি দাবি করেন, 'এই নিয়ে লাগাতার তিনটি উপনির্বাচনে আমরা বিজেপি ও জেডিইউ জোটকে পরাস্ত করলাম। এমনকী, আরজেডি প্রার্থী যত ভোটের ব্যাবধানে জয় পেয়েছেন সেই ভোটও পাননি জেডিইউ প্রার্থী।' এরপরও তিনি কী করে মুখ্যমন্ত্রী পদে আসীন থাকেন তা নিয়ে প্রশ্ন করেন তেজস্বী।
পশু খাদ্য মামলায় জেলে যাওয়ার পর থেকেই রাষ্ট্রীয় জনতা দলের মুখ হয়ে উঠেছে তেজস্বী। তাঁর নেতৃত্বে জোকিহাট-সহ মোট ৩টি উপনির্বাচনের লড়াই করেছে আরজেডি। প্রত্যেকটি আসনেই জয় পেয়েছে তারা। এদিন জয়ের পর তেজস্বী দাবি করেন, 'অবস্বরবাদ বা অপারচুনিটিসম-কে পরাস্ত করে জয় হয়েছে লালুবাদের।' সেইসঙ্গে তিনি মন্তব্য করে বলেন, 'আমার চাচা নীতীশ ভোট জেতার জন্য প্রচুর অর্থ ও ক্ষমতা প্রদর্শন করেছেন। কিন্তু, এতসত্ত্বেও তিনি তাঁর আসন ধরে রাখতে পারলেন না'। জোকিহাটে জয়ের জন্য সাধারণ মানুষকেও অভিনন্দন জানান তেজস্বী। নীতীশ কুমারের ভাবমূর্তি বিফলে গেল বলেও মন্তব্য করেন তিনি।
এদিন নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগের তোপ দাগেন তেজস্বী। তিনি মন্তব্য করেন, 'নীতীশ কুমার কোনও দিন লালুপ্রসাদ যাদবকে বুঝতেই পারেননি। জিগবাজী খাওয়াটা নীতীশ কুমারের স্বভাব।' বিহারের সঙ্গে বিজেপি ও জেডিইউ জোট ছল করছে বলেও অভিযোগ করেন তেজস্বী। এমন ছলকে বিহারবাসী সমর্থন করে না আর তাই বিজেপি ও জেডিইউ-এর বিরুদ্ধে ভোট দিয়ে তারা আরজেডি-কে জিতিয়েছে বলেও মন্তব্য করেন তেজস্বী যাদব।
The number of votes JDU got, is less than our victory margin. People of Bihar are continuing to avenge the uturn taken by Nitish Kumar: Tejashwi Yadav on RJD won Jokihat assembly bypoll #Bihar pic.twitter.com/ljVXanHJ06
— ANI (@ANI) May 31, 2018
যারা এমনভাবে বিহারবাসীর সঙ্গে ছল করছে তাদের সরকারে থাকার কোনো যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন। জোকিহাটের দূরত্ব পাটনা থেকে ৩০০ কিলোমিটার। বলতে গেলে প্রায় ঘরের কাছেই এবার উপনির্বাচন ছিল। কিন্তু তাতে কোনওভাবেই কাজে এল না নীতীশ ম্যাজিক।
জোকিহাটে বিজেপি যাকে প্রার্থী করেছিল সেই মুর্শিদ আলমের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ৭টি অভিযোগ দায়ের রয়েছে। তেজস্বী যাদবের মতে, এমন অপরাধীকে প্রার্থী হিসাবে তাঁরা যে পছন্দ করছে না সে বার্তা ভোটবাক্সের মাধ্যমে নীতীশ কুমারদের কাছে সাধারণ মানুষ পৌঁছে দিয়েছে।
গণতন্ত্র রক্ষার জন্য যেভাবে সমাজবাদী পার্টি , বিএসপি পাশে দাঁড়িয়েছে তার জন্য ওই দলগুলিকে ধন্যবাদও জানান তেজস্বী।












Click it and Unblock the Notifications