তেজস্বীর অধিনায়কত্বেই বিহারে নীতীশকে চ্যালেঞ্জ, কটা করে আসনে লড়বে কংগ্রেস-আরজেডি?
বিহার নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠতেই আসন ভাগাভাগি নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল দুই শিবিরেই। বিজেপি তথা এনডিএ জোটের বিরুদ্ধে তেড়েফুড়ে ময়দানে নামার আগে অবশ্য নিজেদের ঘর গোছাতে গিয়ে কিছুটা বেগ পেতে হয়েছিল বিরোধীদের। তবে সব বাধা পেরিয়ে এবার আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল।

কোন দল কটি আসনে লড়বে?
এদিন সাংবাদিক সম্মেলন ডেকে বিরোধী মহাজোটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে রাজ্যের ২৩০ টি বিধানসভা আসনের মধ্যে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি প্রতিদ্বন্দ্বিতা করবে ১৪৪ টিতে। তাঁদের জোটশরিক কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭০ টি আসন। বাম দলগুলি লড়বে ২৯ আসনে। আরজেডির ১৪৪টি আসনের মধ্যে কয়েকটি ছেড়ে দেওয়া হবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে।

বিরোধীদের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব
এদিকে সব বিতর্ক দূরে সরিয়ে রেখে মহাজোটের তরফে জানানো হল, বিহারে বিধানসভা নির্বাচনে বিরোধীদের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিকে বিরোধীদের এই আসন ভাগাভাগিতে অসন্তুষ্ট হয়েছে ভিআইপি পার্টি নামে একটি ছোট দল। তারা বিরোধী জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে।

অ্যাজেন্ডাও স্থির করে ফেলেছে বিরোধীরা
তেজস্বী যাদবের নেতৃত্বে বিরোধীরা নির্বাচনী অ্যাজেন্ডাও স্থির করে ফেলেছে। রাজ্যে করোনা সংকট মোকাবিলা করতে সরকারের ব্যর্থতা ভোটারদের সামনে তুলে ধরা ছাড়াও নতুন কৃষি আইন নিয়েও সরকারের কড়া সমালোচনার পথে হাঁটবেন বিরোধীরা।

কী বলে কংগ্রেস?
জানা গিয়েছে ৮ অক্টোবরের মধ্যে প্ৰথম দফায় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা হবে। ৫ অক্টোবরের মধ্যে সব বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে। আরজেডির সঙ্গে কোনও বিরোধ নেই বলেও স্পষ্ট উল্লেখ করেন বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা। সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি শীঘ্রই পরিষ্কারভাবে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications