মনোনয়ন বাতিলের প্রতিবাদে সুপ্রিম কোর্টে তেজ বাহাদুর যাদব
লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বার জন্য তাঁর জমা দেওয়া মনোনয়ন বাতিলের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছেন বিএসএফ থেকে বহিষ্কৃত তেজ বাহাদুর যাদব।
লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বার জন্য তাঁর জমা দেওয়া মনোনয়ন বাতিলের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছেন বিএসএফ থেকে বহিষ্কৃত তেজ বাহাদুর যাদব। বারানসী লোকসভা কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিলের পিছনে বিজেপির হাত রয়েছে এবং নির্বাচন কমিশন দেশের শাসক দলের কথামতো চলছে বলে আদালতে অভিযোগ করেছেন তেজ বাহাদুর। সুপ্রিম কোর্টে তাঁর হয়ে মামলা লড়ছেন প্রশান্ত ভূষণ।

উল্লেখ্য, গত ১ মে প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। একই সঙ্গে জানিয়ে দেয়, সরকারি চাকরি করার সময় তেজ বাহাদুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায়, আইন অনুযায়ী তিনি আগামী পাঁচ বছর ভোটে লড়া তো দূর, নির্বাচনী প্রচারেও অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনের যুক্তি, কেন তাঁকে বিএসএফ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার যথাযথ কারণ জানাননি তেজ বাহাদুর। এমনকী ওই প্রাক্তন জওয়ানকে বিএসএফের থেকে নো-অবজেকশন সার্টিফিকেট আনতে বলা হলে, তিনি তার ব্যবস্থা করতে পারেননি বলেও দাবি নির্বাচন কমিশনের।
ভারতীয় সেনাবাহিনীতে দেওয়া খাবারের গুনগত মান নিয়ে প্রশ্ন তুলে চাকরি হারানো প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর, উত্তরপ্রদেশের বারানসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়তে চেয়েছিলেন। নির্বাচন কমিশনের বক্তব্য, ২৪ এপ্রিল প্রথমে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তেজ বাহাদুর যাদব। সেই সময় তিনি বিএসএফ থেকে নিজের বরখাস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। কিন্তু সমাজবাদী পার্টির হয়ে দ্বিতীয়বার মনোনয়ন জমা দেওয়ার সময়, তেজ বাহাদুর ওই বিষয়টির আর উল্লেখ করেননি বলেই দাবি করেছে নির্বাচন কমিশন।
এই অস্বচ্ছতা দূর করতে, তেজ বাহাদুরকে ভোটে লড়বার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র ও বিএসএফের তরফে নো-অবজেকশন সার্টিফিকেট ১ মের মধ্যে জমা দিতে বলেছিল নির্বাচন কমিশন। তা দিতে না পারায় ওই বিতর্কিত প্রাক্তন বিএসএফ জওয়ানের মনোনয়ন বাতিল করার কথা জানানো হয়েছে। যদিও তিনি নির্বাচন কমিশনকে তাঁর যাবতীয় সব তথ্যই জমা দিয়েছেন বলে দাবি করেছেন তেজ বাহাদুর যাদব। তাঁর মনোনয়ন বাতিলের পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে বলে সুপ্রিম কোর্টে পেশ করা আবেদনে দাবি করেছেন ওই প্রাক্তন বিএসএফ জওয়ান।












Click it and Unblock the Notifications