মুখ্যসচিবকে দিয়ে দিল্লির বাজেট পেশে বাধা কেন্দ্রের! ফের মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল
ফের দিল্লির আপ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্মুখ সমর। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মঙ্গলবার আপের দিল্লি সরকারের বাজেট পেশ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাজেট বন্ধ না করার অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন।

দিল্লির বাজেট পেশে 'বাধা'
সোমবার রাতে দিল্লির অর্থমন্ত্রী কৈলাস গেহলট বলেছেন, ১৭ মার্চ দিল্লির মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সময় কিছু রহস্যজনক কারণের কথা বলা হয়। এরপর সোমবার দুপুর দুটোয় তাঁকে বলা হয় এবং সন্ধে ছটা নাগাদ ফাইল পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি। সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, মঙ্গলবার বিধানসভায় যেন ২০২৩-২৪ সালের বাজেট পেশ করা না হয়।

দেশের ইতিহাসে প্রথমবার
দিল্লির অর্থমন্ত্রী বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে, যখন কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করতে বাধা দিচ্ছে। এটা সত্যিই অবাক করার মতো ঘটনা, বলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন দিল্লি বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় ১৭ মার্চ। আর কৈলাস গেহলটের বাজেট পেশ করার কথা ছিল। দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারের পরে গত মাসের শেষের দিকে অর্থ দফতরের ভার যায় কৈলাস গেহলটের হাতে।

অনুমোদনের জন্য পাঠানো হয় ১০ মার্চ
দিল্লির অর্থমন্ত্রী কৈলাস গেহলট জানিয়েছেন, গত ১০ মার্চ নিয়ম মেনেই বাজেট অনুমোদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছিল। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কিছু বিষয় নিয়ে আপত্তি তোলা হয়েছে এবং এর অনুমোদন দিতে অস্বীকার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ১৭ মার্চ দিল্লির মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়ছিল। মুখ্যসচিব তিন দিন ধরে চিঠিটি সম্পর্কে কিছুই বলেননি। সোমবার দুপুর দুটোয় চিঠিটি সম্পর্কে তিনি জানতে পেরেছেন। কেন্দ্রের পাঠানো ফাইলটি তাঁর কাছে দেওয়া হয় বাজেট পেশের আগের দিন, সন্ধে ছটা নাগাদ। রাত নটার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির জবাবও দেওয়া হয়।

নিশানায় মুখ্যসচিব এবং অর্থসচিব
দিল্লির বাজেট পেশে দেরি হওয়ার বিষয়ে মুখ্যসচিব এবং অর্থসচিবের ভূমিকার তদন্তের দাবি করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে দিল্লি সরকারের বাজেট নিয়ে মিথ্যা ছড়ানোর অভিযোগও তিনি করেছেন।
দিল্লির অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ সালের বাজেটে ২২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সেখানে বিজ্ঞাপনের জন্য বরাদ্দ করা হয়েছে ৫৫০ কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রক যে প্রশ্ন তুলেছে, তাকে অপ্রাসঙ্গিক বলেও বর্ণনা করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে পঞ্জাবের আপ সরকারও বাজেট পেশ করতে গিয়ে সমস্যার পড়ে। ক্যাহিনেটের সিদ্ধান্তের পরেও রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত বাজেট অধিবেশনের আহ্বান করেননি। পরে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়।












Click it and Unblock the Notifications