প্রধানমন্ত্রী মোদীর 'ঈশ্বর প্রেরিত' মন্তব্যে ব্যঙ্গ! মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান, বললেন রাহুল
প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি বলেছেন তাঁর জন্ম জৈবিকভাবে হয়নি। আর তা নিয়ে ব্যঙ্গ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তিনি বলেছেন, যদি একজন সাধারণ মানুষ এই বক্তব্য বলতেন, তবে তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেওয়া হত।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি অনুভব করেছেন, তাঁর জন্ম বৈবিকভাবে হয়নি, তিনি ঈশ্বর প্রেরিত। প্রধানমন্ত্রীর এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়।

কী বলেছিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছিলেন, যখন তাঁর মা জীবিত ছিলেন, তখন তিনি বিশ্বাস করতেন তিনি জৈবিকভাবে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি মারা যাওয়ার পরে তিনি মনে করছেন, ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন। তিনি আরও বলেছিলেন, এই শক্তি তাঁর জৈবিক দেহ থেকে হতে পারে না। ঈশ্বর তাঁকে দান করেছেন। ঈশ্বর তাঁকে ক্ষমতা, অনুপ্রেরণা দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
রাহুলের কটাক্ষ
এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, দেশের প্রধানমন্ত্রী তাঁর চাটুকারদের সামনেএক সাক্ষাৎকারে খোলাখুলিভাবে বলেছেন, তিনি জৈবিক নন, তাঁকে ঈশ্বর পাঠিয়েছেন। কটাক্ষ করে রাহুল প্রধানমন্ত্রীর মন্তব্য উল্লেখ করে বলেন, তিনি নিজেকে একটি আধা মসীহ বলে মনে করছেন।
রাহুল গান্ধী আরও বলেছেন,. যদি একজন সাধারণ মানুষ একই কথা বলতেন, তবে তাঁদের সরাসরি মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হত। আর তাঁর চাটুকাররা বলছেন, ঈশ্বর তাঁকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন, কোভিড মহামারীর সময় দেশবাসীদের অনেককেই গঙ্গার পাড়ে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আর যাঁকে ভগবান পাঠিয়েছেন, তিনি বলেছিলেন, মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে দিন।
ফের একবার আদানি-আম্বানির নাম উল্লেখ
এদিন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করতে গিয়ে আদানি এবং আম্বানির নাম উল্লেখ করেছেন। রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী ২২ জনের জন্য কাজ করেন। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যা কিছু চান না কেন, প্রধানমন্ত্রী কয়েক মিনিটের মধ্যেই তা দিয়ে দেন। আর দরিদ্র মানুষ যখন শিক্ষা, হাাসপাতাল এবং কর্মসংস্থান চায়, সেই সময় নীরব থাকেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications