Tahawwur Rana: ১৮ দিনের NIA হেফাজতে তাহাউর রানা, মুম্বই হামলার জঙ্গিকে নিয়ে আরও তথ্য গোয়েন্দাদের হাতে
Tahawwur Rana: ১৮ দিনের NIA হেফাজতে তাহাউর রানা। শুক্রবার গভীর রাতে এনআইএ-র বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। আমেরিকা থেকে ভারতে ফেরানো হয়েছে ২০০৮ মুম্বই জঙ্গি হামলার চক্রী তাহাউর রানাকে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টায় দিল্লির পালাম বিমানবন্দরে বিশেষ বিমানে ফেরানো হয়েছে তাঁকে। দিল্লি নামতেই তাঁকে গ্রেফতার করেছে এনআইএ।
২৬/১১ মুম্বই জঙ্গি হামলার তদন্তে ফেরানো হয়েছে রানাকে। সূত্রের খবর, দিল্লিতে তিহাড় জেলে রাখা হতে পারে তাহাউর রানাকে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হবে তাঁকে। বিচারপ্রক্রিয়ায় মুম্বইতেও মাঝেমধ্যে নিয়ে যাওয়া হতে পারে তাঁকে। এদিন আদালতে রানাকে হেফাজতে নিতে চেয়ে ইমেল-সহ একের পর এক সাক্ষ্য প্রমাণ হাজির করে এনআইএ। ষড়যন্ত্র ফাঁস করতে রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানায় কেন্দ্রীয় এজেন্সি।

খুন, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও UAPA ধারায় মামলা করা হয়েছে রানার বিরুদ্ধে। সূত্রের খবর, ২০ দিনের হেফাজত চাওয়া হয়েছিল এনআইএ-র তরফে। যদিও গভীর রাতে রানাকে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ বিচারক। রানাকে গ্রেফতার করে বিবৃতিতে এনআইএ জানায়, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক ও আমেরিকার শিকাগোর বাসিন্দা তাহাউর রানাকে বিমান থেকে নামতেই সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেফতার করা হয়েছে।
এনআইএ আরও জানিয়েছে, জঙ্গি হামলা ঘটানোর আগে অন্যান্য অপরাধীদের সঙ্গে মিলিতভাবে ষড়যন্ত্র করেছে রানা। আদালতে তিনি নিজে আইনজীবী নেবেন কি না, নাকি আদালত তাঁকে আইনি সাহায্য করবে, তাও রানাকে জিজ্ঞেস করা হয় বলে সূত্রের খবর। এদিন নয়াদিল্লিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ওরফে এনএসজির শীর্ষ কর্তারা লস অ্যাঞ্জেলস থেকে বিশেষ বিমানে রানাকে নিয়ে আসে।
রানার বিরুদ্ধে এনআইএ-র হয়ে কেস লড়বেন বরিষ্ঠ ক্রিমিনাল আইনজীবী দয়া কৃষ্ণণ। স্পেশাল পাবলিক প্রসিকিউটর নরেন্দ্র মান আইনি প্রক্রিয়ায় তাঁকে নেতৃত্ব দেবেন। আমেরিকার সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, রানাকে অত্যাচার না করার ব্যাপারে আমেরিকাকে আশ্বস্ত করেছে ভারত। রানাকে জেলে পর্যাপ্ত নিরাপত্তাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে যে যে অপরাধ সে করেছে, তার জন্য তাঁকে বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে বলে আমেরিকাকে জানিয়েছে ভারত।












Click it and Unblock the Notifications