'সিরিঞ্জ সাইকো'-র ভয়ে ত্রস্ত গোটা অন্ধ্রপ্রদেশ
হায়দ্রাবাদ, ২৯ অগাস্ট : একটি লোক যে কালো রঙের বাইকে চেপে ঘুরে বেড়ায় ও মহিলাদের দেখতে পেলেই গায়ে সিরিঞ্জ ফুটিয়ে দিয়ে পালিয়ে যায়। এমনই ঘটনায় ত্রস্ত এখন গোটা অন্ধ্রপ্রদেশ।
এখনও পর্যন্ত এই লোকটির কোনও খোঁজ বের করতে পারেনি পুলিশ। বিষয়টি প্রথম সামনে আসে যখন একজন মহিলা প্রথম পুলিশে এমন ঘটনা জানান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই প্রথমেই মহিলাকে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। তবে তাঁর শরীরে বিষাক্ত কিছু পাওয়া যায়নি। আর তাতে সন্দেহ আরও বেড়ে গিয়েছে। কোনও কারণ ছাড়াই কেন এমন করছে ওই অচেনা দুষ্কৃতী তা নিয়েও অন্ধকারে পুলিশ। অজানা এই দুষ্কৃতীর নাম দেওয়া হয়েছে 'সিরিঞ্জ সাইকো'।
জানা গিয়েছে, অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলায় এই ঘটনা ঘটেছে। মুখ ঢেকে কালো রঙের পালসার বাইকে করে এসে মোট ৯ জন মহিলার পিছনের দিকে সিরিঞ্জ ফুটিয়ে পালিয়ে গিয়েছে ওই দুষ্কৃতী।
ঘটনাটি প্রথম ঘটেছে গত ২২ অগাস্ট। তদন্তে নেমে পুলিশের মনে হয়েছে, বিকৃতমনস্ক কেউই এমন ঘটনা ঘটাচ্ছে। তবে পুলিশ অবশ্যই সতর্ক। দুষ্কৃতীকে ধরতে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উপরে দেওয়া ছবিও প্রকাশ করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications