বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েও অসহিষ্ণুতার শিকার, আক্রান্ত স্বামী অগ্নিবেশ
দিল্লিতে বিজেপির নতুন অফিসের সামনে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন স্বামী অগ্নিবেশ। তিনি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে তার শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছিলেন।
শুক্রবার ফের স্বামী অগ্নিবেশকে হেনস্থা করলেন বিজেপি কর্মীরা। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অগ্নিবেশ। কিন্তু বিজেপির অফিসে পৌঁছনোর আগেই তাঁকে ঘিরে ধরেন বিজেপী-কর্মীরা। এর আগে ঝাড়খণ্ডেও বিজেপিকর্মীদের হামলার শিকার হয়েছিলেন এই ৮৯ বছরের সমাজকর্মী।

বিজেপির সদর দফতরের ঠিক বাইরে ঘটা এই ঘটনার বন্দী হয়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে স্বামী অগ্নিবেশকে ঘিরে ধরে সমানে তাঁকে বিশ্বাসঘাতক বলে ধাক্কাধাক্কি করছেন বিজেপি কর্মীব়া। এক বিজেপি-কর্মী টান মেরে তার মাথার গেরুয়া পাগড়িও খুলে দেন। এক মহিলাকে দেখা যায় পা থেকে জুতো খুলে তাঁকে মারতে উদ্যত হতে।
অবশেষে পুলিশ কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে ভ্যানে তুলে নিয়ে যান নিরাপদ জায়গায়। পরে অগ্নিবেশ জানান, বিজেপির অফিসের বাইরে পুলিশ পিকেট থাকায় তাঁকে ওই অংশটা হেঁটে যেতে হয়েছিল। তাঁর সঙ্গে আরও ২-৩ জন লোক ছিলেন। হঠাত বেশ কিছু বিজেপি কর্মী তাঁদের ঘিরে ধরে মারধর, গালিগালাজ করেন ও তাঁর পাগড়ি খুলে দেন।
বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন বাজপেয়ী। এদিন তাঁর মরদেহ রাখা ছিল দিন গৃদয়াল উপাধ্য়ায় রোডের বিজেপির নতুন অফিসে। সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন স্বামী অগ্নিবেশ। এদিনের ঘটনায় কাউকে আটক করা হয়নি। অবশ্য এর আগে ঝাড়খণ্ডের ঘটনাতেও এখনও অবধি কোনও ধরপাকর হয়নি।
গত ১৭ জুলাই তারিখে ঝাড়খণ্ডের পাকুরের একটি অনুষঅঠানে যোগ দিতে গিয়ে একদল লোকের হাতে আক্রান্ত হয়েছিলেন স্বামী অগ্নিবেশ। সেই ঘটনায় তাঁকে চড়-থাপ্পর মারতে মারতে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। তারপরেও তার উপর লাথি বৃষ্টি করা হয়েছিল। ঘটনায় ্ভিযোগ উঠেছিল বিজেপির যুব মোর্চা ও এবিভিপির কর্মীদের বিরুদ্ধে। যদিও ঝাড়খণ্ডের বিজেপি নেতারা ঘটনায় বিজেপির যোগ অস্বীকার করেছেন।
এদিন বর্ষীয়ান নেতা বাজপেয়ী, যিনি বিরোধী দলের সবার সঙ্গেও সদ্ভাব বজায় রাখার জন্য সকলের শ্রদ্ধা কুড়িয়েছিলেন, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেও বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হতে হল স্বামী অগ্নিবেশকে। এই ঘটনার নিন্দা করেছে বিরোধী দলগুলি। ঝাড়খণ্ডের ঘটনার আগে আন্না হাজারের সঙ্গে ২০১১-য় গুজরাত সফরে গিয়েও বিজেপি-র এক মোহান্তর কাছে চড় খেয়েছিলেন তিনি। অমরনাথের শিবলিঙ্গ কৃত্রিম ভাবে তৈরি বলে মন্তব্য করার জন্য তাঁকে মারা হয়েছিল।












Click it and Unblock the Notifications