তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে! ত্রিপুরায় বিজেপির পরিকল্পনা জানিয়ে দিলেন শুভেন্দু
বিজেপির লড়াই হবে বাম-কংগ্রেস জোটের সঙ্গে। তৃণমূল এবার ভোটে লড়াই করলেও তারা নোটার থেকে কম ভোট পাবে।
তৃণমূলকে ধর্তব্যের মধ্যেই আনছে না বিজেপি। অমিত শাহ সোমবার এবারও তৃণমূলের নাম মুখে আনেননি। আর মঙ্গলবার শুভেন্দু জানিয়ে দিলেন তৃণমূলকে আমরা কাউন্টারের মধ্যেই আনছি না। কারণ তৃণমূল ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে।

কেউ তৃণমূলের নাম নেবে না ত্রিপুরায়
শুভেন্দু বলেন, আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয়েছে, ত্রিপুরার কোনও সভা-সমিতিতে কেউ ওই পার্টির নাম বলবে না। কারণ তো আগেই বলেছি। তারপর ওটা তো এখন একটা কোম্পানি হয়েছে, পার্টিই নেই। ত্রিপুরায় নির্বাচনী প্রচারে অমিত শাহের মুখে একবারও শোনা যায়নি তৃণমূলের নাম। সে প্রসঙ্গেই শুভেন্দু এই বার্তা দেন।

পশ্চিমবঙ্গে কুস্তি, আর দোস্তি ত্রিপুরায়
সোমবার ত্রিপুরায় দুটি সভা করেন অমিত শাহ। সেখানে বাম-কংগ্রেসকে তুলোধনা করার পাশাপাশি টিপ্রামোথাকেও নিশানা করেন। কিন্তু তৃণমূলের নাম নেননি অমিত শাহ। তারপরই বাম-কংগ্রেস পাল্টা দিদি-মোদী সেটিং তত্ত্ব নিয়ে সরব হন। জোটের নেতারা দাবি করেন, বিজেপি আর তৃণমূল পশ্চিমবঙ্গে কুস্তি করছে, আর দোস্তি করছে ত্রিপুরায়।

উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ে তৃণমূল
২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমূল ত্রিপুরায় ঘাঁটি গেড়েছিল। তিনমাসের মধ্যে ত্রিপুরা পুরসভা নির্বাচনে প্রার্থী দিয়ে তাঁরা আলোড়ন ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। প্রায় ২০ শতাংশ ভোট প্রাপ্তি হয়েছিল তাদের। কিন্তু তারপর ছ-মাসের মধ্যেই উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ে তৃণমূল।

২০ শতাংশ থেকে এক ধাক্কায় ২ শতাংশে
তৃণমূলের ভোটব্যাঙ্ক ২০ শতাংশ থেকে এক ধাক্কায় ২ শতাংশে নেমে যায়। তৃণমূলের সমস্ত প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। তারপর থেকেই ত্রিপুরায় তৃণমূলের ভাগ্যলিখন হয়ে যায়। যদিও তৃণমূল সেই ঝটকা সামলে আবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর হয়েছে। এবং ২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় নিজেদের প্রাসঙ্গিক করার প্রয়াস নিয়েছে।

নোটার থেকে কম ভোট পাবে তৃণমূল
তৃণমূল এবার ২৮টি আসনে প্রার্থী দিয়েছে ত্রিপুরা বিধানসভা আসনে। ৬০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। তৃণমূল ২৮ আসনে প্রার্থী দেওয়া মানে তাঁরা এককভাবে জেতার রাস্তায় নেই। বিজেপির দাবি, তৃণমূলের কোনও প্রাসঙ্গিকতা নেই। বিজেপির লড়াই হবে বাম-কংগ্রেস জোটের সঙ্গে। তৃণমূল এবার ভোটে লড়াই করলেও তারা নোটার থেকে কম ভোট পাবে।

একবার তৃণমূলকে সুয়োগ দিন। না পারলে...
এদিন ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্যো..পাধ্যায় জনসভা করেন। তৃণমূল জানিয়েছে, ত্রিপুরায় শান্তি চাইলে বিকল্প নয় সিপিএম-কংগ্রেস, একমাত্র বিকল্প তৃণমূল। অভিষেক বলেন, তৃণমূলই মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য করেছে বিজেপিকে। ত্রিপুরায় তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে বিজেপি। ত্রিপুরার মানুষের দাবি মানতে বাধ্য হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরার সংস্কৃতি আর বাংলার সংস্কৃতি এক। একবার তৃণমূলকে সুয়োগ দিন। না পারলে ফিরিয়ে দিন।












Click it and Unblock the Notifications