দিলীপকে টেক্কা দিয়ে শুভেন্দু বারবার শাহের দরবারে কেন, দিল্লিতে বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে
দিলীপকে টেক্কা দিয়ে শুভেন্দু বারবার শাহের দরবারে কেন, দিল্লিতে বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে
একুশের ভোটের আগে ঘটা করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে অমিত শাহের হাত থেকে গেরুয়া পতাকা নিয়েছিলেন তিনি। ভোট পরবর্তী সময়ে শুভেন্দু সেই অমিত শাহের সঙ্গে দেখা করতে বারবার ছুটে যাচ্ছেন দিল্লি, কিন্তু একবারও অমিত-সকাশে বৈঠকে যাননি দিলীপ ঘোষ। তা নিয়েই জল্পনার পারদ চড়েছে।

শুভেন্দু অধিকারী বারবার অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন
শুভেন্দু অধিকারী ভোটের ফল প্রকাশের পর তিন মাসের মধ্যে তিনবার অমিত শাহের সাক্ষাতে গিয়েছিলেন। শুভেন্দু রাজ্যের ভোট পরবর্তী হিংসার ছবি তুলে ধরতে বারবার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে। এখানেই প্রশ্ন উঠেছে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একবারও গেলেন না, কিন্তু শুভেন্দু অধিকারী বারবার অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন রাজ্যের ব্যাপারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে শুভেন্দু অধিকারীর দিল্লিতে দরবার
দিন দুয়েকের মধ্যে দিল্লিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শুভেন্দু অধিকারীর দিল্লিতে দরবার করা তাৎপর্যপূর্ণ। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় একযোগে যেতে পারেন দিন কয়েকের মধ্যেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন, দেখা করতে পারেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও। একই সঙ্গে সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জোট বৈঠকও করতে পারেন।

দিল্লিতে বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশ শুভেন্দুর
তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র অমিত শাহের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতের পর শুভেন্দু বলেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা এখনও চলছে। বিরোধী দলনেতা হিসেবে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছি, গোটা পরিস্থিতির কথা জানিয়েছি। প্রশ্ন উঠেছে, মমতার সফরের আগে কেন শুভেন্দু অমিত শাহের কাছে দরবার করলেন।

দিলীপ ঘোষের কাছ থেকে বিষয়টি হাইজ্যাক করেছেন শুভেন্দু
এই সময়ের মধ্যে একাধিকবার দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু তিনি একবারও প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেননি। তাঁর পরিবর্তে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ পরিস্থিতি তুলে ধরা ও সমন্বয় করার কাজটা করে চলেছেন শুভেন্দু। কার্যত তিনি দিলীপ ঘোষের কাছ থেকে বিষয়টি হাইজ্যাক করে নিয়েছেন বলেই রাজনৈতিক মহলের অভিমত।












Click it and Unblock the Notifications