ভাইরাসের থেকেও দেশের আর্থিক মন্দা নিয়ে বেশি চিন্তিত ভারতীয়রা, বলছে সমীক্ষা
ভাইরাসের থেকেও দেশের আর্থিক মন্দা নিয়ে বেশি চিন্তিত ভারতীয়রা, বলছে সমীক্ষা
টানা ২ মাস হতে চলল তালাবন্ধ গোটা দেশ। শুনশান রাস্তায় বন্ধ দোকানপাট, বেশিরভাগ সরকারি বেসরকারি অফিস, স্কুল কলেজ আদালত সবই। এহেন অবস্থায় বেশিরভাগ মানুষেরই রোজগার ও প্রায় ২মাস বন্ধ। এরমধ্যেই জারি হয়েছে চতুর্থ দফার লকডাউন। লকডাউনের মাঝেই কী ভাবছেন দেশবাসী? চলুন জেনে নিই।

ভাইরাসের থেকেও অর্থকষ্ট নিয়ে চিন্তিত দেশবাসী
লকডাউন চলাকালীন জনসাধারণের অনুভূতি বুঝতে সম্প্রতি লখনউয়ের সেন্টার ফর মার্কেটিং ইন ইমার্জিং ইকোনমিজ একটি অনলাইন সমীক্ষা চালায়। সমীক্ষাটি চালানো হয় দেশের ২৩ টি রাজ্য এবং ১০৪ টি শহরের উপর। সমীক্ষায় দেখা যাচ্ছে, দেশের প্রায় ৭৯ শতাংশ মানুষের ৪০ শতাংশ ভুগছেন প্রবল আশঙ্কায় এবং ২২ শতাংশ রয়েছেন চরম দুঃখ দুর্দশায়। তাৎপর্যপূর্ণ ভাবে করোনা সংক্রমণের আশঙ্কার থেকেও দেশবাসীর উদ্বেগ বাড়ছে তাদের অর্থনৈতিক দুরাবস্থার কথা ভেবে।

উদ্বেগে আট থেকে আশি
এই কঠিন পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না অধিকাংশ মানুষই। নয়ডার একজন ৪৮ বছর বয়সী শ্রমিক জানান, কাজ না থাকায় শ্রম শক্তির দিকেই ঝোঁক বাড়বে মানুষের। এদকদিকে চাকরি হারাবে মানুষ, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়তে থাকবে জিনিসের দাম। জাব্বলপুরের ২২ বছরের একজন শিক্ষার্থী এই প্রসঙ্গে বলেন, ‘এই মহামারী আমাদের কেরিয়ার অনেক বছর পিছিয়ে দিল। অনেক যোগ্য ছাত্র ছাত্রীর ও সঠিক মূল্যায়ন হবেনা।'

আত্মবিশ্বাস বাড়াচ্ছে লকডাউন
তবে এত আশঙ্কা-চিন্তা-উদ্বেগের পাশাপাশি আত্মবিশ্বাস ও বাড়াচ্ছে লকডাউন, এমনটাও জানা যাচ্ছে সমীক্ষা থেকে। অনেকেই আস্থা রেখেছেন সরকারের উপর। মেনে চলছেন সামাজিক দূরত্ব এবং অন্যান্য বিধিনিষেধ। জানা যাচ্ছে, মানুষের আত্মবিশ্বাস প্রায় ৬৩ শতাংশ বেড়েছে এই চলমান লকডাউনের মাঝেই।

প্রথম ও দ্বিতীয় দফার লকডাউনে চলেছে সমীক্ষা
২৫ শে মার্চ থেকে ২৩ শে মে অবধি চলেছিল প্রথম ও দ্বিতীয় দফার লকডাউন। এই সময়ের মধ্যেই বিভিন্ন অনলাইন মাধ্যম ব্যবহার করে চালানো হয়েছে এই সমীক্ষা। দেশের প্রায় ৯৩১ জন এই সমীক্ষায় তাদের মূল্যবান উত্তর দিয়েছেন। ইতিমধ্যেই জারি হয়েছে চতুর্থ দফার লকডাউন। ক্রমেই আরও কঠিন হচ্ছে পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় সারা দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬১১, যা এখনো পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ।












Click it and Unblock the Notifications