SIR প্রক্রিয়া বাতিল হয়ে যাবে যদি...! কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, চূড়ান্ত শুনানির দিন ধার্য
বিহারে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলছে তাতে যদি ভারতের নির্বাচন কমিশন (ECI) কোনও অবৈধ পদ্ধতি অবলম্বন করে থাকে, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটিই বাতিল করা হবে। আজ এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।
বিহারের SIR-এর বৈধতাকে চ্যালেঞ্জ করা আবেদনগুলির চূড়ান্ত শুনানির জন্য ৭ অক্টোবর দিনটিকে ধার্য করা হয়েছে।

নির্বাচন কমিশন আইন অনুযায়ী কাজ করছে বলে ধরে নিয়ে শীর্ষ আদালত বলেছে, যদি সাংবিধানিক সুরক্ষায় কোনও আপস করা হয়, তাহলে এই প্রক্রিয়া অবৈধ বলে গণ্য হবে। বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, "বিহারের SIR সংক্রান্ত আমাদের রায় সারা ভারতের SIR-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।" আদালত আরও উল্লেখ করেছে যে তারা "বিহারের SIR সম্পর্কে আংশিক মতামত দিতে পারে না, চূড়ান্ত রায় সারা দেশের SIR-এর জন্য প্রযোজ্য হবে।"
৭ অক্টোবরের শুনানিতে আবেদনকারীদের বিহার-নির্দিষ্ট বিষয় এবং দেশব্যাপী SIR প্রক্রিয়া উভয় বিষয়েই যুক্তি উপস্থাপনের অনুমতি দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত তার ৮ সেপ্টেম্বরের আদেশের প্রত্যাহার চেয়ে করা একটি আবেদনের উপর নোটিশ জারি করেছে। ৮ সেপ্টেম্বরের আদেশে নির্বাচন কমিশনকে বিহারের SIR-এর জন্য ১২তম নথি হিসেবে আধার অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট ৮ সেপ্টেম্বর স্পষ্ট করেছিল যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য জমা দেওয়া হলে নির্বাচন কমিশন এর সত্যতা যাচাই করতে পারবে।
সোমবারের শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট গোপাল এস বলেন, "যদি প্রাথমিকভাবে সাংবিধানিক কাঠামোর লঙ্ঘন পাওয়া যায়, তাহলে আমরা প্রক্রিয়াটি বন্ধ করার দাবি জানাতে পারব। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৭.৮৯ কোটি ভোটার ছিল, যার মধ্যে ৪.৯৬ কোটি স্বয়ংক্রিয়ভাবে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এঁদের মধ্যে প্রায় ৬.৮৪ কোটি ভোটারের নাম আধারেও সংযুক্ত রয়েছে।"
বিচারপতি জে কান্ত মন্তব্য করেন, "একবার এই সাসপেন্স পিরিয়ড শেষ হলে, আমি মনে করি এই সমস্ত তথ্য..." এর জবাবে গোপাল এস বলেন, "আমি শুধু বিষয়টি তুলে ধরছি..." বিচারপতি কান্ত আরও বলেন, "এটা ধরে নেওয়া যেতে পারে যে যাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে, তাঁদের শুধুমাত্র নথিপত্রের অভাবে বাদ দেওয়া হচ্ছে।" গোপাল এস প্রত্যুত্তরে বলেন, "আমি শুধু কী করা উচিত সে বিষয়ে স্পষ্টতা চাইছি।"












Click it and Unblock the Notifications