SC on Rahul Gandhi: রাহুল গান্ধীর জয় মোদী পদবি মামলায়, সাজা স্থগিত করে কী বলল সুপ্রিম কোর্ট
মোদী পদবি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্র্রিম কোর্টে রাহুল গান্ধীকে স্বস্তি দিয়ে জানিয়ে দেয়, ২০১৯-এ রাহুল গান্ধীর মোদী পদবি নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফৌজদারি মানহানি মামলায় সুরত আদালতের রায়কে স্থগিত করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট এই মামলায় ট্রায়াল কোর্টের শুনানিতে বেশ কিছু ঘাটতি লক্ষ্য করেছে। অনেক কিছুই বিবেচনা না করেই রাহুল গান্ধীকে মোদী পদবি সংক্রান্ত মামলায় দোষীসাব্যস্ত করা হয়েছিল। এমনকী তাঁকে দু-বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেইসঙ্গে অবশ্য জামিনও মঞ্জুর করেছিল আদালত।

সুরত আদালত তাঁকে দু-বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পরই তাঁর লোকসভার সাংসদ পদ কেড়ে নেওয়া হয়। তাঁকে বরখাস্ত করা হয় ওই পদ থেকে। তবে এদিন কারাদণ্ডে স্থগিতাদেশ জারি করায় তাঁর সংসদে ফিরে আসার পর প্রশস্ত হয়েছে। এদিন সুপ্রিম কোর্টও এই মর্মে স্পষ্ট করে দিয়েছে, রাহুল গান্ধীর লোকসভার সাংসদ পদ ফিরে পেতে কোনও জটিলতা নেই।
শীর্ষ আদালত এদিন রাহুল গান্ধীকে স্বস্তি দিয়ে জানায়, রাহুল গান্ধীর ওই মন্তব্য ভালো মানের না হতে পারে। কিন্তু ওই মন্তব্যের পর তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছিল। তারপর তিনি সতর্কতা অবলম্বন করে এ ধরনের মন্তব্য দ্বিতীয়বার করেননি। যে পূর্ববর্তী মামলার কথা উল্লেখ করা হয়েছিল, সেটা যদি রাহু গান্ধীর বক্তব্যের আগে হত, তিনি নিশ্চয়ই আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতেন।
সুপ্রিম কোর্ট উদ্বেগ জারি করে জানায়, রাহুল গান্ধীকে কেন দু-বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এই মানহানির মামলায়, তা নিয়ে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয় ট্রায়াল কোর্ট। রাহুল গান্ধীর সাসংদ পদ খারিজের একমাত্র কারণ সাজার মেয়াদ। এই রায়ে শুধু ব্যক্তির অধিকারই প্রভাবিত হয়নি, ভোটারদের অধিকারও লঙ্ঘিত হয়েছে।

সুপ্রিম কোর্ট জানায়, যদি সাজার মেয়াদ একদিন কম হত, তবে লোকসভায় সাসংদ পদ খারিজ করতে হত না, সেই বিধান কার্যকর করা যেত না। বিচারক সর্বোচ্চ সাজা দিয়েছেন, কিন্তু এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন। আর সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কোনও বিশেষ কারণ দেখানো হয়নি।
এদিন সুপ্রিম কোর্টের সিদ্ধান রাহুল গান্ধীকে বিরাট স্বস্তি এনে দেয়। সুপ্রিম কোর্টে এই জয়ের ফলে তিনি শুধু কারাদণ্ডের সাজা থেকে রক্ষা পেলেন না, তিনি লোকসভার সাংসদ পদও ফিরে পাবেন। আসন্ন লোকসভা ভোটে তিনি লড়তেও পারবেন, আর কোনও বাধা রইল না।












Click it and Unblock the Notifications