Bihar SIR: আধারকে ভোটারের পরিচয়পত্র হিসাবে বিবেচনা করতে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বিহারের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে। তার আগে এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে, বিহারে ভোটার তালিকা সংশোধনের (SIR) চলমান প্রক্রিয়ায় ভোটারদের পরিচয় প্রমাণের জন্য আধার কার্ডকে একটি অতিরিক্ত নথি হিসেবে বিবেচনা করতে।
বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট করেছে যে, আধারকে পরিচয়ের জন্য নির্ধারিত ১২তম নথি হিসেবে গ্রহণ করা হলেও, এটি নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হবে না। আদালত জোর দিয়ে বলেছে, "শুধুমাত্র প্রকৃত নাগরিকরাই ভোট দিতে পারবেন" এবং জাল নথির ভিত্তিতে যোগ্যতা প্রমাণের চেষ্টা করলে তাদের বাদ দেওয়া হবে।

সর্বোচ্চ আদালতের বেঞ্চ নির্বাচন কমিশনকে ভোটারদের জমা দেওয়া আধার তথ্যের সত্যতা যাচাই করতেও নির্দেশ দিয়েছে। আদালত মন্তব্য করেছে, "কেউই চায় না যে নির্বাচন কমিশন অবৈধ অভিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করুক।" বিহারে SIR প্রক্রিয়া নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই আদালতের এই নির্দেশ এসেছে। ২০০৩ সালের পর এই প্রথম বিহারে ভোটার তালিকার এমন ব্যাপক সংশোধন চলছে।
এই প্রক্রিয়ায় মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৭.৯ কোটি থেকে কমে ৭.২৪ কোটি হয়েছে। অর্থাৎ ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। যা বিরোধীদের মতে, ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য এটি ডিজাইন করা হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল (RJD), এআইএমআইএম (AIMIM) এবং অন্যান্য আবেদনকারীরা দাবি ও আপত্তির সময়সীমা বাড়ানোর আবেদনও করেছে।
তাদের যুক্তি, বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার সামনে দাঁড়িয়ে রয়েছে। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে যে, এই সংশোধনীর লক্ষ্য হল মৃত ব্যক্তি, নকল এন্ট্রি এবং অবৈধ অভিবাসীদের নাম বাদ দিয়ে তালিকা পরিষ্কার করা। কমিশন আদালতকে জানিয়েছে যে, খসড়া তালিকার বিহারের ৭.২৪ কোটি ভোটারের ৯৯.৫ শতাংশ ইতিমধ্যেই যোগ্যতার নথি জমা দিয়েছে।
২২ অগাস্ট থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন এনজিও, কর্মী এবং রাজনৈতিক দলের দায়ের করা আবেদনের মাধ্যমে SIR প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। ১ সেপ্টেম্বর, নির্বাচন কমিশন আদালতকে জানায় যে, সময়সীমা পেরিয়ে গেলেও দাবি ও আপত্তি দায়ের করা যাবে। তবে তা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই বিবেচনা করা হবে। কমিশন আরও বলেছে যে, প্রতিটি নির্বাচনী এলাকার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত এই ধরনের দাবি করা যেতে পারে।












Click it and Unblock the Notifications