আরজি করের চিকিৎসকের মর্মান্তিক পরিণতি, স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের
আরজি করের ঘটনা নিয়ে তোলপাড়া সারা দেশ। একদিকে যখন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই সময় সংবাদ মাধ্যমের সামনে মেজাজ হারাতে দেখা যাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে। সিবিআইও দিল্লি থেকে অফিসার ও মনোবিদ নিয়ে নিয়ে জোর কদমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এরই মধ্যে জানা গিয়েছে সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।

প্রধান বিচারপতি বেঞ্চে শুনানি
মঙ্গলবার কুড়ি অগাস্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই বিষয়টির শুনানি হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা দুই আইনজীবী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে স্বতঃপ্রণোদিত ভাবে বিবেচনা করতে চিঠি দিয়েছিলেন।
সেখানে বলা হয়েছিল, জাতি বিচারবিভাগকে ন্যায়বিচারের চূড়ান্ত অভিভাবক হিসেবে দেখে। বর্বরতার জন্য যাঁদের কান্না স্বব্ধ হয়ে গিয়েছে, তাঁদের শেষ আশ্রয় সুপ্রিম কোর্ট। আমাদের আইনি ব্যবস্থায় তাঁর মৃত্যু বৃথা যাবে না। তাঁরা আরও লেখেন, আমাদেরকে দেখতে হবে ভবিষ্যতে যাতে অন্য কোনও মহিলার এই পরিণতি না হয়।
BREAKING: Supreme Court takes suo motu cognisance of recent rape and murder incident at RG Kar Medical College Hospital where a 31-year-old resident doctor was found dead on August 9.#SupremeCourtOfIndia #SupremeCourt #RGKarHospital #RGKarMedicalCollegeHospital #RGKARMEDICAL… pic.twitter.com/KNzDlzq5WM
— Bar and Bench (@barandbench) August 18, 2024
নয় অগাস্টের ঘটনার পরে প্রতিবাদের ঝড়
নয় অগাস্ট শুক্রবার ভোর আরজি কর হাসাপাতালে ওই চিকিৎসকের হত্যার ঘটনা ঘটে। তাঁর বাবা-মাকে প্রথমে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। তারপর হাসপাতালে যাওয়ার পরে তিন ঘণ্টা বসিয়ে রেখে মৃতদেহ দেখতে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে পর্যাপ্ত তদন্তের আশ্বাস দেওয়ার পরেও ওই চিকিৎসকের বাবা-মা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ঘটনার বারোঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় রাই নামে একজনকে গ্রেফতার করা হলেও, এর পিছনে একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠেছে।
তদন্ত চালাচ্ছে সিবিআই
এই ঘটনায় সিবিআই রবিবার নিয়ে পরপর তিনদিন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখতে তাঁর মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও গোয়েন্দারা মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছে। ইতিমধ্যে সিবিআই প্রায় ৪০ জনের তালিকা তৈরি করে অন্তত ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।
কেন্দ্রীয় সরকারের অবস্থান
এদিকে এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট হয়েছে। নাগরিক সমাজ ও চিকিৎসকরা রাস্তায় নেমেছেন। দেশব্যাপী চিকিৎসকদের ধর্মঘটের প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। আরজি করের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য পুলিশকে দুই ঘণ্টা পরপর পরিস্থিতি সম্পর্কে জানাতে নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications