থমকে গেল পদোন্নতি, রাহুলকে সাজা ঘোষণাকারী বিচারক সহ ৬৮ জনের পদোন্নতির নির্দেশিকায় স্থগিতাদেশ
গুজরাতের ৬৮ জন বিচারকের পদোন্নতিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই তািলকায় রাহুল গান্ধীর বিরুদ্ধে রায়দানকারী বিচারকও ছিলেন। বিচারকদের পদোন্নতি সাধারণ অভিজ্ঞতা এবং সিনিয়রিটির নিরীখে হয়ে থাকে। অভিযোগ এক্ষেত্রে সেটা করা হয়নি।
একসঙ্গে গুজরাতের বিভিন্ন আদালতের ৬৮ জন বিচারকের পদোন্নতির নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই তালিকায় যেমন ছিলেন রাহুল গান্ধীর বিরুদ্ধে সাজা শোনানো সুরাত আদালতের বিচারক তেমন গুজরাতের একাধিক জেলা বিচারকরাও ছিলেন। সিনিয়রিটির ভিত্তিতে তাঁদের পদোন্নতি দেওয়া হয়নি অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী।

সেই মামলার শুনানিতেই ৬৮ জন বিচারকের পদোন্নতিতে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। আগামী ৮ অগাস্ট প্রধান বিচারপতি মামলার পরবর্তী শুনানি করবেন। গত ২৩ মার্চ সুরাতের ট্রায়াল কোর্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের সাজা শোনায়। তারপরেই সুরাতের সেই বিচারকের পদোন্নতির নির্দেশিকা জারি করা হয় বলে অভিযোগ।
গুজরাতের যে ৬৮ জনের বিচারকের পদোন্নতির তালিকা তৈরি করা হয়েছিল তা সঠিক বিধি মেনে করা হয়নি বলে অভিযোগ। সেকারণেই তাতে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। এই নিয়ে রাজনৈতিক মহলেও তরজা শুরু হয়ে গিয়েছে। রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে সাজা শোনানোর কারণেই সুরাতের বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications