বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ৩ মাসের মধ্যেই, রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট
এবার থেকে রাষ্ট্রপতিকে যেকোনও বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ৩ মাসের মধ্যে, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ কোনও বিল দীর্ঘদিন ধরে ফেলে রাখা চলবে না। আর যদি ফেলে রাখেন, তবে তার বৈধ কারণও জানাতে হবে। তামিলনাড়ুর রাজ্যপালের বিচারাধীন বিলের অনুমোদন আটকে রাখার সিদ্ধান্ত আদালত বাতিল করার পর এই যুগান্তকারী রায়। শুক্রবার এই আদেশ জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।
তামিলনাড়ুর আইনসভায় পাশ হওয়ার পর ১০ টি বিল রাজ্যপাল আরএন রবি আটকে রেখেছেন বলে অভিযোগ। গত ২ বছর আগে অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে ওই বিলগুলি রাজ্যপাল পাঠিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য। এই সংক্রান্ত মামলায় রাজ্যপালের আচরণকে বেআইনি বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ।

তামিলনাড়ু মামলার রায় প্রদানের সময় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের ওই বেঞ্চ বলেছে, ২০১ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির দায়িত্ব পালন বিচারসংক্রান্ত পর্যালোচনার জন্য উপযুক্ত। আদালতের বক্তব্য, "২০১ অনুচ্ছেদ অনুসারে, যখন একজন রাজ্যপাল কোনও বিল সংরক্ষণ করেন, তখন রাষ্ট্রপতি তা অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারেন। তবে সংবিধান এই সিদ্ধান্তের জন্য কোনও সময়সীমা নির্দিষ্ট করে না।"
সুপ্রিম কোর্ট জোর দিয়ে একথাও বলেছে যে, রাষ্ট্রপতির "পকেট ভেটো" নেই এবং তাকে যেকোনও বিল সংক্রান্ত বিষয়ে হয় সম্মতি দিতে হবে, আর না হয় স্থগিত রাখতে হবে। যদি রাষ্ট্রপতি কোনও বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৩ মাসের বেশি সময় নেন, তাহলে তাদের বিলম্বের বৈধ কারণগুলি প্রদান করতে হবে এবং রাজ্যকে তা জানাতে হবে।
সুপ্রিম কোর্ট আরও জানায়, রাজ্যপাল যদি রাষ্ট্রপতির কাছে কোনও বিল পাঠান এবং রাষ্ট্রপতি যদি তা অনির্দিষ্ট কালের জন্য আটকে রাখেন, রাজ্য সরকার চাইলে তার বিরুদ্ধে আদালতে যেতে পারবে। রাষ্ট্রপতির ভূমিকা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রপতি যদি কোনও যথার্থ কারণ ছাড়াই বিলগুলি আটকে রাখেন, তাহলে তা সংবিধানের ২০১ নম্বর ধারার আওতায় সংবিধানের মৌলিক নীতির বিরোধিতা করা বলে ধরা হবে। যেখানে সংবিধান ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার বিপক্ষে কথা বলেছে।
প্রসঙ্গত, বিধানসভায় দ্বিতীয়বার পাশ হওয়া ১০টি বিল তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির কাছে পাঠায় রাজ্য সরকার। রাজ্যপাল ২ বার পাশ হওয়া বিলগুলি আটকে রেখেছিলেন। যার বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই মামলায় গত ৮ই এপ্রিল বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানায়, বিল আটকে রাখার কোনও অধিকার রাজ্যপালের নেই।












Click it and Unblock the Notifications