Maha Kumbh Stampede: পদপিষ্টকাণ্ডে যোগীর প্রশাসনের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে, শুনানিতে কী হল?
Maha Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের (UP Govt) আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিতে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। পদপিষ্টের ঘটনা দুর্ভাগ্যজনক বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। তবে মামলাকারীকে হাইকোর্টে (High Court) যেতে পরামর্শ সুপ্রিম কোর্টের।
সুপ্রিম কোর্টে ওই মামলাটি করেছিলেন আইনজীবী বিশাল তিওয়ারি (Vishal Tiwari)। গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভে অমৃত স্নানে গিয়ে পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছিল। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। এদিন মামলা শোনেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

মামলাকারী আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, "পদপিষ্টের ঘটনা দুর্ভাগ্যজনক ও একইসঙ্গে উদ্বেগের। কিন্তু এব্যাপারে এলাহাবাদ হাইকোর্টকে আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই ঘটনায় বিচারবিভাগীয় কমিটি গঠন করে তদন্ত চলছে।" রাজ্যের তরফের বরিষ্ঠ আইনজীবী মুকুল রোহতগি ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চলছে বলে জানান শীর্ষ আদালতে। এধরনের একটি মামলা হাইকোর্টে চলছে বলেও জানান তিনি।
মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের বিচারবিভাগীয় প্যানেল তদন্ত করছে। অবসরপ্রাপ্ত বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বাধীন ওই কমিটি তদন্ত শুরু করেছে। প্যানেলে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা ভিকে গুপ্তা ও অবসরপ্রাপ্ত আইএএস পদমর্যাদার আধিকারিক ডিকে সিং। এছাড়াও আলাদা করে পুলিশকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সুপ্রিম কোর্টে মামলাকারী আইনজীবী বিশাল তিওয়ারির দাবি ছিল, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা রুখতে ব্যর্থ হয়েছে যোগীর সরকার। প্রশাসনের অনেক গলদ রয়েছে বলে দাবি করেন তিনি। পুণ্যার্থীদের জন্য আলাদা করে নিরাপত্তা সেল গঠনের দাবি করেন ওই আইনজীবী। ভিড় নিয়ন্ত্রণে রাজ্যের তরফে নীতি প্রণয়নেরও দাবি করেন তিনি। এছাড়াও কোর্টের নির্দেশে সেখানে মেডিক্যাল টিম মোতায়েনের দাবি তোলেন বরিষ্ঠ আইনজীবী বিশাল তিওয়ারি।
প্রসঙ্গত, ২৯ জানুয়ারি কাকভোরে মৌনী অমাবস্যার পুণ্যস্নান সারতে গঙ্গার পাড়ে হাজারে হাজারে পুণ্যার্থী ভিড় করেন। ঘাট অবধি পৌঁছতে হুড়োহুড়ি পড়ে যায়। রাত ১টা থেকে ২টোর মধ্যে পদপিষ্টের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন। সঙ্গমে পৌঁছতে গিয়ে পায়ে পিষে মৃত্যু হয় বহু পুণ্যার্থীর। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications