গোপনীয়তা রক্ষার অধিকারকে মৌলিক অধিকার বলে ঘোষণা সুপ্রিম কোর্টের
এদিনের রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, গোপনীয়তা রক্ষার অধিকার নাগরিকদের মৌলিক অধিকার।
তিন তালাক নিয়ে ঐতিহাসিক রায়ের পর এবার গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। এদিনের রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, গোপনীয়তা রক্ষার অধিকার নাগরিকদের মৌলিক অধিকার। এদিন সুপ্রিম কোর্টের নয় বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে।

এদিনের এই রায়ের ফলে আধার কার্ডের জন্য যে তথ্য নেওয়া হয়েছিল তা নিয়ে এবার স্ক্রুটিনি হবে। কারণ আধার কার্ডের জন্য নাগরিকদের অনেক গোপন তথ্য সরকার নিয়েছে। সেগুলিকে আপাতত বিভিন্ন সামাজিক উন্নয়মমূলক প্রকল্প ও আয়করের কাজে লাগানো হয়েছে।
আগামিদিনে সেই তথ্য বেহাত হবে না তার কোনও নিশ্চয়তা এখনও কেউ দিতে পারেনি। সেই তথ্য ফাঁস হলে বিপন্ন হবে নাগরিকদের মৌলিক অধিকার। ফলে কেউ তা নিয়ে অভিযোগ জানালে আদালত তা নিয়ে সিদ্ধান্ত নেবে। ফলে আধার কার্ডের তথ্য কীভাবে সরকার কাজে লাগাচ্ছে তা খতিয়ে দেখা হতে পারে বা সরকারকে এই নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করতে পারে। এই মুহূর্তে আদালতে আধার নিয়ে মামলা চলছে। গোপনীয়তা রক্ষা নিয়ে রায় জানানোর পর সেই মামলাতেও আদালত নিজেদের রায় জানাবে।

প্রসঙ্গত নাগরিকদের গোপনীয়তা রক্ষা নিয়ে মৌলিক অধিকার সংক্রান্ত মামলায় এর আগে ১৯৫৪ সালে এমপি শর্মার আট বিচারপতির বেঞ্চ ও ১৯৬২ সালে খরক সিংয়ের ছয় সদস্যের বেঞ্চ জানিয়েছিল, গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকারের অংশ নয়। তবে এদিন নয় বিচারপতির বেঞ্চ ঠিক তার উল্টো পথে গিয়ে গোপনীয়তা রক্ষার অধিকারকে মৌলিক অধিকার বলে সুনিশ্চিত করল।












Click it and Unblock the Notifications