অরুণাচল নিয়েও সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, ফের ক্ষমতায় ফিরল কংগ্রেস
নয়াদিল্লি, ১৩ জুলাই : উত্তরাখণ্ডের পর এবার অরুণাচল প্রদেশ নিয়েও সর্বোচ্চ আদালতে মুখ পুড়ল কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের। অরুণাচল প্রদেশে নবাম টুকি নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সেরাজ্যের রাজ্যপাল। সেই ঘটনাকে অসাংবিধানিক বলে মত জানাল সুপ্রিম কোর্ট।
গত বছরের ডিসেম্বর মাস থেকেই অরুণাচল প্রদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। ৬০ সদস্যের বিধানসভায় ৪৭ জন কংগ্রেস বিধায়ক ছিলেন। তার মধ্যে ২১ জন মুখ্যমন্ত্রী নবাম টুকির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।

এরপরই রাজ্যপালের হস্তক্ষেপে বিধানসভার অধিবেশন এগিয়ে নিয়ে আসা হয়। অধিবেশন শুরু হওয়ার কথা ছিল এই বছরের ১৪ জানুয়ারি। কিন্তু রাজ্যপালের নির্দেশে তা শুরু হয় গতবছরের ১৬ ডিসেম্বর। সেই অধিবেশনে ভোটাভুটিতে কংগ্রেস সরকার পড়ে যায়।
বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ও ২ জন নির্দল বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে ১১ জন বিজেপি বিধায়ক বাইরে থেকে সমর্থন দিয়ে নতুন সরকার গড়েন। গত ১৯ ফেব্রুয়ারি বিদ্রোহী কংগ্রেস বিধায়ক কালিখো পুল মুখ্যমন্ত্রী হন।
রাজ্যপালের নির্দেশ ও ভোটাভুটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় কংগ্রেস। সেই মামলায় এদিন শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে কংগ্রেসের নবাম টুকি সরকারকে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছে। ফলে ফের একবার ধাক্কা খেল বিজেপি। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications