কত দিন একজন অভিযুক্তকে জেলে রাখা যেতে পারে? পার্থ জামিন মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের
পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি সুপ্রিম কোর্টে৷ প্রশ্নের মুখে ইডির ভূমিকা। রীতিমতো আদালতে কড়া প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একজন অভিযুক্তকে বিচার ছাড়াই দীর্ঘ সময়ের জন্য হেফাজতে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷
শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দীর্ঘ দিন ধরে জেলে পার্থ চট্টোপাধ্যায়। কেন তিনি জামিন পাবেন না? সেই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, আর্থিক প্রতারণা দুর্নীতিতে সাত বছর সর্বোচ্চ সাজা হয়। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এখনই তিন ভাগ সময় জেলে কাটিয়ে ফেলেছেন। অন্য অভিযুক্তরা জামিন পাচ্ছেন। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছিল। তিনিও সদ্য জামিন পেয়েছেন। সেই বক্তব্যও সুপ্রিম কোর্টে রাখা হয়েছে।
কত দিন একজন অভিযুক্তকে জেলে রাখা যেতে পারে? কীভাবে বিচারের ভারসাম্য রাখা যায়? সেই প্রশ্ন করেছেন বিচারপতির বেঞ্চ। ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এদিকে চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টেও জামিনের মামলার শুনানি হতে পারে।
কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ বিচারাধীন বন্দির দৃষ্টি আকর্ষণ। ডিভিশন বেঞ্চে দুই বিচারপতি তাদের সিদ্ধান্তে সহমত হতে পারেননি। সেই কারণে প্রধান বিচারপতির কাছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা যায়। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। সেই কথা জানা গিয়েছে।
বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলার শুনানি হবে। বুধবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। দ্রুত শুনানির আবেদনও করা হয়েছে। সিবিআই আইনজীবীর সঙ্গে কথা বলে দিন ঠিক করা হোক। এমনই পরামর্শ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
চলতি সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ পাঁচ জনের জামিন মামলার শুনানির সম্ভবনা। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও জামিন পেয়েছেন। কেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন না? সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের এজলাসে তাঁদের জামিনের আবেদনে মামলা চলছিল। সেই মামলায় দুই বিচারপতি জামিনের সিদ্ধান্তে সহমত হতে পারেননি। একজন জামিনের পক্ষে মত প্রকাশ করেন। অন্য বিচারপতি জামিনের বিপক্ষে মত দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications