"সন্তানকে কেউ..."! পাইলটের বাবাকে আশ্বাস, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
আজ সুপ্রিম কোর্ট আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলায় কেন্দ্রীয় সরকার এবং ডিজিসিএ-র কাছে একটি নোটিশ পাঠিয়েছে। প্রয়াত ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের বাবা পুষ্করাজ সাবারওয়াল সুপ্রিম কোর্টের কাছে এই দুর্ঘটনার জন্য তাঁর ছেলেকে অহেতুক দোষী করা হচ্ছে, এই অভিযোগে দ্বারস্থ হয়েছিলেন। ৮৮ বছর বয়সি সুমিত সাবারওয়ালের বাবার এই মামলাতেই কেন্দ্রের কাছে আজ জবাব চাইলো সুপ্রিম কোর্ট।

প্রায় পাঁচটা মাস কেটে গিয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক সেই দুর্ঘটনাটি। এই দুর্ঘটনায় ২৬০ জনের প্রাণহানি ঘটেছিল। কিন্তু কী কারণে এরকম দুর্ঘটনা সেদিন ঘটেছিল তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে প্রাথমিক তদন্তের রিপোর্টে, পাইলটদের ভুলের দিকেই আঙুল তোলা হয়েছে।
১০ অক্টোবর, ২৬৭ পৃষ্ঠার এই রিট পিটিশনটি সরকার, ডিজিসিএ এবং বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (এএআইবি) মহাপরিচালকের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। এই মামলার প্রথম আবেদনকারী ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা পুষ্করাজ সবরওয়াল। আর দ্বিতীয় আবেদনকারী ছিলেন ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস।
পুষ্করাজ সবরওয়াল আদালতের কাছে আবেদন জানিয়েছেন যে, 'তদন্তটিতে অন্যান্য সম্ভাব্য প্রযুক্তিগত এবং পদ্ধতিগত কারণগুলি সঠিকভাবে সমীক্ষা করা হয়নি। এরকম নির্দিষ্ট অভিমুখের তদন্ত তথ্যগত ভুল দিক নির্দেশ করে। বিশেষ করে ক্রু সদস্যদের দায়ী করার ফলে দুর্ঘটনার মূল কারণ কী হতে পারে সেটা সঠিক ভাবে জানা যায় না। যার ফলে ভবিষ্যতের উড়ান নিরাপত্তাও বিপণ্ণতার মুখে পড়বে। তাই গোটা বিষয়টিকে যেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়।' তাই বিচারবিভাগীয় তদন্ত কমিটি তৈরীর দাবি জানান উনি।
বিচারপতি সূর্য কান্ত এটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলে অভিহিত করেন। তিনি প্রয়াত ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের বাবাকে বলেন, "আপনার ছেলেকে যে দোষী করা হচ্ছে সেই বোঝা আপনার বহন করা উচিত নয়। যে কেউ এসে তাঁকে কোনও কিছুর জন্য দোষ দিতে পারে না। একই রকম দাবির আরেকটি আবেদনও রয়েছে এবং উভয় আবেদনই ১০ নভেম্বর গ্রহণ করা হবে।"












Click it and Unblock the Notifications