সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তি টেলিকম সংস্থাগুলির! বকেয়া মেটাতে মিলল ১০ বছরের সময়সীমা
সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তি টেলিকম সংস্থাগুলির! বকেয়া মেটাতে মিলল ১০ বছরের সময়সীমা
দেউলিয়া হওয়ার হাত থেকে সাময়িক স্বস্তি মিলল দেশের টেলিকম সংস্থা গুলির। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়েই আপতত খানিকটা হাঁফ ছেড়ে বাঁচল ভোডাফোন আইডিয়া, এয়ারটেল-সহ বড় টেলিকম সংস্থাগুলি।

১০ বছরের সময় বরাদ্দ
মঙ্গলবার শীর্ষ আদালত রায় দিল, বকেয়া প্রায় ১.৬ লক্ষ কোটি টাকার স্পেকট্রাম ও লাইসেন্স ফি (এজিআর) মেটানোর জন্য ১০ বছর বরাদ্দ করা হচ্ছে। পাশাপাশি বকেয়ার অন্তত ১০ শতাংশ ২০২১ সালের ৩১শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে বলেছেন শীর্ষ আদালতের বিচারপতিরা।

কি বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা ?
সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয় বলে জানা যায়। করোনা সঙ্কটকে সামনে রেখে এই দীর্ঘায়িত সময় দেওয়া হচ্ছে বলে জানান বিচারপতি অরুণ মিশ্র। এদিকে এর আগে ভোডাফোন-আইডিয়া এবং ভারতী এয়ারটেল এজিআর দেনা পরিশোধের জন্য ১৫ থেকে ২০ বছর সময় চেয়েছিল বলে জানা যাচ্ছে।

কিস্তির টাকা জমা না দিলে আদালত অবমাননা
এখন থেকে ২০৩১ সালের ৩১ মার্চের মধ্যে কিস্তিতে ঋণ শোধ করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রতি বছরে ৭ই ফেব্রুয়ারির মধ্যে কিস্তির টাকা জমা না দিলে আদালত অবমাননার দায়ে পড়বে টেলিকম সংস্থাগুলি। এদিকে তাৎপর্যপূর্ণভাবে, অনেক সংস্থা ইতিমধ্যেই বকেয়া এজিআর-র ১০ শতাংশ প্রদান করেছে বলেও খবর।

এখনো কত টাকা পরিশোধ করতে হবে এয়ারটেল, ভোডাফোনকে ?
এদিকে , ভারতী এয়ারটেলের বকেয়ার পরিমাণ ছিল ৪৩,৯৮০ কোটি টাকা। এখনও তাদের ২৫,৯৭৬ কোটি টাকা মেটাতে হবে। পাশাপাশি এজিআর বাবদ ভোডাফোন আইডিয়ার একটা সময় বকেয়া ছিল ৫৮,২৫৪ কোটি টাকার বেশি। সূত্রের খবর, তার মধ্যে তারা ৭,০০০ কোটি টাকার বেশি মিটিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications