পাঠ্যবইয়ে রয়েছে বিচার ব্যবস্থার 'দুর্নীতির' প্রসঙ্গ! NCERT- এর এই বই ব্যান করল সুপ্রিম কোর্ট
অষ্টম শ্রেণির এনসিইআরটি (NCERT)-র সমাজবিজ্ঞানের বইয়ের 'সমাজে বিচারব্যবস্থার ভূমিকা' অধ্যায়ের ঘিরে শুরু হওয়া বিতর্কের পর কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে যে, বইটির সমস্ত মুদ্রিত কপি খুব তাড়াতাড়ি বাজেয়াপ্ত করতে হবে এবং অনলাইনে যে সমস্ত সংস্করণ রয়েছে সেগুলিও সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ বিতর্কিত সেই পাঠ্যবই নিষিদ্ধ করে দিল সুপ্রিম কোর্ট।

এই বই প্রকাশ করেছে এনসিইআরটি (National Council of Educational Research and Training)। আদালত সংস্থার ডিরেক্টর এবং কেন্দ্রীয় স্কুল শিক্ষা দফতরের সচিবকে কারণ দর্শানোর জন্য নোটিস পাঠিয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করা হবে না, সেই বিষয়টি জানতে চাওয়া হয়েছে।
এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত করা ভাষায় আগেই জানিয়েছিলেন যে, কাউকেই বিচারব্যবস্থার সততা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেওয়া হবে না। তাঁর দাবি ছিল, বিভিন্ন হাই কোর্টের বিচারপতিদের কাছ থেকেও তিনি অনেক উদ্বেগের বার্তা পেয়েছেন। যদি প্রয়োজন হয় তাহলে আদালত নিজে থেকেই সমস্ত পদক্ষেপ করবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, "এই বিষয়টি বিচারব্যবস্থার বিরুদ্ধে একটি পরিকল্পিত আক্রমণ বলেই মনে হচ্ছে।" এই অধ্যায় যুক্ত করা বিচারব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হতে পারে বলে জানিয়েছে সূর্য কান্ত-এর নেতৃত্বাধীন বেঞ্চ। আদালতের মতে, এনসিইআরটি-র তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট কোনও দুঃখপ্রকাশের সুর নেই।
আদালত আরও জানিয়ে দেয় যে, বইটিতে বিচারব্যবস্থার ইতিবাচক ভূমিকা। যেমন সংবিধান রক্ষা, সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়া, এইসমস্ত দিক সঠিকভাবে তুলে ধরা হয়নি। এতে ছাত্রছাত্রীদের মনে নানারকমের ভুল ধারণা তৈরি হতে পারে।
এনসিইআরটি-কে সমস্ত কপি জব্দ করে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্যগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যে, এই বই থেকে কোনও পাঠদান না হয় তা নিশ্চিত করার জন্য। আগামী মাসে মামলার পরবর্তী শুনানি হবে।












Click it and Unblock the Notifications