শশীকলার দুর্নীতি ফাঁস করেছেন এই মহিলা সুপার কপ,কিন্তু সরকারের চোখেই এখন ভিলেন তিনি
জেলের ভেতরে শশীকলাকে বেআইনিভাবে সুযোগ দেওয়ার অভিযোগ করে পাল্টা চাপে ডিআইজি ডি রূপা। সংবাদমাধ্যমে মুখ খোলায় শো-কজ করা হল তাঁকে।
বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে দুর্নীতির খবর প্রকাশ করে নিজেই বিপদে পড়ে গিয়েছেন কর্নাটকের ডিআইজি (কারা) ডি রূপা। সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে তিনি সার্ভিস রুল ভেঙেছেন বলে অভিযোগ করে তাঁকে শো-কজ করেছে রাজ্য সরকার। অবশ্য ডি রূপার দাবি, তিনি কোনও নিয়মভঙ্গ করেননি, এবং যে কোনও রকম নিরপেক্ষ তদন্তের জন্য তিনি প্রস্তুত তিনি।

বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের ভেতরে নিজের জন্য এলাহী ব্যবস্থা করেছেন এআইএডিএমকে নেত্রী শশীকলা। তারজন্য ২ কোটি টাকা ঘুষও দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে এই অভিযোগ করেছিলেন কর্নাটকের ডিআইজি (কারা) ডি রূপা। তাঁর অভিযোগ, জেলের উচ্চপদস্থ আধিকারিকরাও সেই ঘুষের টাকায় লাভবান হয়েছেন। যদিও তাঁর এই অভিযোগ মানতে রাজি নয় রাজ্য সরকার। সেইসঙ্গে ডি রূপা সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলাতেও আপত্তি জাহির করেছে রাজ্য সরকার। সরাসরি এভাবে সংবাদ মাধ্যমে মুখ খোলার ফলে তিনি সার্ভিস রুল ভঙ্গ করেছেন বলে পাল্টা তোপের মুখে পড়েছেন তিনি। ইতিমধ্য়েই তাঁকে শো-কজও করা হয়েছে।

শুক্রবার সংবাদ মাধ্যমকে ডি রূপা জানিয়েছেন, তিনি কোনও নিয়মভঙ্গ করেননি। রূপা আরও জানিয়েছেন, চিঠিতে বিস্তারিত জানানোর পরই তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন। রূপার দাবি, যদি তদন্ত করতেই হয় তাহলে সেই তদন্তের আওতায় প্রত্যেক অভিযুক্তকেই আনতে হবে।












Click it and Unblock the Notifications