Sunita Williams: খুব শিগগিরিই ভারতে আসবেন সুনীতা, মহাকাশ থেকে 'ঘরের মেয়ে' ফিরতেই জানাল পরিবার
Sunita Williams: মহাকাশে দীর্ঘ ৯ মাস আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরলেন নাসার নভশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছিল গোটা বিশ্ব। ভারতীয় সময় অনুযায়ী বুধবার কাকভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে অবতরণ করেছে তাদের মহাকাশযান। ভারতীয় বংশোদ্ভূত সুনীতার ফিরে আসা নিয়ে খুশির হাওয়া এদেশেও। শীঘ্রই ভারতেও আসতে পারেন সুনীতা। বুধবার এমনটাই জানাল তাঁর পরিবার।
সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা উইলিয়ামসের ননদ ফাল্গুনী পান্ডিয়া জানান, এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক না হলেও এবছরেই খুব শীঘ্রই ভারতে পা রাখবেন সুনীতা। তিনি আরও জানান, সুনীতার পিতৃভূমি ভারতবর্ষ। গুজরাটের বাসিন্দা দীপক পান্ডিয়া সুনীতার বাবা। আর তাই ভারতের সঙ্গে নিবিড় যোগ রয়েছে সুনীতার। ফাল্গুনীদেবী আরও বলেন, "ভারতবাসীদের ভালোবাসেন সুনীতা। উনি নিশ্চয়ই আসবেন। শুধু দিনক্ষণ ও যাবতীয় ব্যবস্থা দেখে নিতে হবে।"

মহাকাশে ২৮৬ দিন কাটিয়ে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। এবার পরিবারকে বেশি করে সময় দিতে চান তিনি। ফাল্গুনীদেবী জানান, সপরিবারে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা চলছে। তবে সুনীতা মহাকাশে আবার যাবেন কি না তা একেবারেই নভশ্চরের ব্যক্তিগত বিষয় বলে জানিয়ে দেন তিনি। সুনীতার ননদ আরও জানান, "যেকোনও পরিস্থিতিই আসুক না কেন, সুনীতা মানিয়ে নেন। আমাদের সকলের কাছে রোল মডেল তিনি।"
গত ১৯ সেপ্টেম্বর ছিল সুনীতার জন্মদিন। মহাকাশেই কেটে গিয়েছে ৫৯ তম জন্মদিনটি। পরিবারের তরফে সুনীতার প্রিয় মিষ্টি কাজু কাটলি পাঠানো হয়েছিল। এমনকী, ফাল্গুনীদেবী উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার কথা জানালে মহাকাশ থেকেই ছবি পাঠাতে বলেছিলেন সুনীতা। মহাকুম্ভ মেলা নিয়ে সুনীতাও বেশ উদগ্রীব ছিলেন বলে জানান ফাল্গুনী। সুনীতার নিরাপদে ফিরে আসায় ভগবানকে ডেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবারের সকলেই।
এর আগে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ মার্চের সেই চিঠি গতকাল মঙ্গলবার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ১৪০ কোটি ভারতীয় সুনীতার কর্মকাণ্ডের জন্য গর্বিত বলে জানান মোদী। সুনীতার মা বনি পান্ডিয়া মেয়ের আসার অধীর অপেক্ষা করছেন বলে জানান মোদী। প্রয়াত বাবার আশীর্বাদও সুনীতার সঙ্গে সর্বদা রয়েছে বলে উল্লেখ করেন মোদী। 'ঘরের মেয়ে' সম্বোধন করে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications