Tripura Vote: সিপিএম কংগ্রেসের বি টিম! ত্রিপুরায় মমতার অভিযোগে পালটা জবাব সুজন-অধীরের
ত্রিপুরায় দাঁড়িয়ে বিজেপি-কংগ্রেসকে মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা মন্তব্য করলেন সুজন চক্রবর্তী এবং অধীর চৌধুরীও। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
tripura Vote 2023, tripura election 2023: ত্রিপুরায় দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সিপিএমকেও তীব্র তোপ তাঁর। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরেই ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর সেই বিজেপি শাসিত সে রাজ্যেই পরিবর্তনের আশা করছে তৃণমূল।
৬০ আসনে ত্রিপুরা ২৮ টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। আর আজ মঙ্গলবার সেই সমস্ত প্রার্থীদের সমর্থনে রাজধানী আগরতলাতে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখেই সভাও করলেন তিনি।

সিপিএম-কংগ্রেস এখন এক হয়ে গিয়েছে
ওই সভা থেকেই এদিন একযোগে কংগ্রেস এবং সিপিএমকে একযোগে আক্রমণ শানান। বলেন, আগের সিপিএম, আগের কংগ্রেস আর এখন নেই। এখন সিপিএম হল কংগ্রেসের বি টিম! শুধু তাই নয়, সিপিএম-কংগ্রেস এখন এক হয়ে গিয়েছে বলেই আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। তাঁর মতে, আমরা কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস না করলে বাংলায় আজও পরিবর্তন হত না। বাংলা এবং ত্রিপুরায় বাম-কংগ্রেস জগাই-মাধাই হয়ে কাজ করছে বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীজির ভাড়াখাটা সৈনিক!
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যকে পালটা তীব্র আক্রমণ শানিয়েছে বাম-কংগ্রেস। এই প্রসঙ্গে বামনেতা সুজন চক্রবর্তীর দাবি, উনি মোদীজির ভাড়াখাটা সৈনিকের মতো ত্রিপুরা গিয়েছেন। মোদীজির শেখানো ভাষাতেই কথা বলছেন বলেও তীব্র আক্রমণ বামনেতার। তাঁর কথায়, উনি ধরা পড়ে গিয়েছেন। শুধু তাই নয়, ত্রিপুরার মাটিতে বিজেপি বিরোধী শক্তিগুলিকে হালকা করতেই মমতার ত্রিপুরা সফর বলেও দাবি সুজন চক্রবর্তীর।

পালটা তোপ দেগেছেন প্রদেশ সভাপতি
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে পালটা তোপ দেগেছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীও। তাঁর দাবি, কংগ্রেস দল ভেঙে বিজেপির হাত শক্ত করেন উনি! আর তা করতেই তৃণমূল নেত্রীর ত্রিপুরা সফর বলে কটাক্ষ প্রদেশ সভাপতির। শুধু তাই নয়, মেঘালয়, গোয়া সর্বত্র কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপির হাত শক্ত করেছেন বলেও আক্রমণ তাঁর। অধীরের কথায়, ইতিহাসটা একবার মনে করুন। কংগ্রেস-সিপিএম জোট করলেও কোনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কংগ্রেস হাত মেলায়নি। তবে বিজেপির ঘরের লোক হয়ে মমতা ছিলেন বলেও তোপ কংগ্রেস নেতার। উনি কংগ্রেসকে পিছন থেকে ছুরি মারছেন বলেও তোপ।

বিজেপিকে আক্রমণ মমতার
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রুপিরায় দাঁড়িয়ে একযোগে বিজেপিকে আক্রমণ শানান। বলেন, ডবল ইঞ্জিন তো দিল্লিও ধুয়ে দিয়েছে, ত্রিপুরাকে কীকরে বাঁচাবে। শুধু তাই নয়, ত্রিপুরায় বিজেপি কোনও উন্নয়ন করেনি বলেও তোপ মমতার। এক্ষেত্রে বাংলার উন্নয়ন মডেলকেই সে রাজ্যের মানুষের সামনে তুলে ধরেন তিনি।












Click it and Unblock the Notifications