শিয়রে ওমিক্রন, হঠাৎ বৃদ্ধি করোনা সংক্রমণে, এবার নাইট কার্ফুর পথে পাঞ্জাবও
শিয়রে ওমিক্রন, হঠাৎ বৃদ্ধি করোনা সংক্রমণে, এবার নাইট কার্ফুর পথে পাঞ্জাবও
ঠিক যেন ২০২১ এর পুনরাবৃত্তি। দ্বিতীয় ঢেউয়ের শেষে সংক্রমণ কমতেই পথে নেমেছিল মানুষ। শিকেয় উঠেছিল স্বাস্থ্যবিধি। এবার সেই কারণেই দেশজুড়ে ফের বাড়তে শুরু করেছে মারণ ভাইরাসের সংক্রমণ। ব্যতিক্রম নয় পাঞ্জাবও। রাজ্যজুড়ে কোভিড সংক্রমণ বাড়ায় এবার নাইট কার্ফু জারি করল সেই রাজ্যের সরকার।

কবে থেকে নাইট কার্ফু পাঞ্জাবে?
মঙ্গলবার রাত থেকেই এই নাইট কার্ফু জারি হবে পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যটিতে। রাত দশটা থেকে সকাল পাঁচটা অবধি মানতে হবে কার্ফুর নিয়মাবলি। জরুরি নয়, এমন সমস্ত পরিষেবা বন্ধ থাকবে এই সময়টায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংক্রান্ত কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। যাতে সুষ্ঠুভাবে নাইট কার্ফুর নিয়ম পালিত হয়, তার বন্দোবস্ত করবে জেলা প্রশাসন। পাশাপাশি মানুষ যাতে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলে, তাও সুনিশ্চিত করবে প্রশাসন।

অফিস ফেরৎ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা!
তবে অফিস ফেরত যাত্রীদের যাতে সমস্যা না হয়, তার কথাও ভেবেছে পাঞ্জাব সরকার৷ বিভিন্ন ইন্ডাস্ট্রির কর্মীরা যাতে বিনা সমস্যায় বাড়ি ফিরতে পারেন, তাদের বাস এবং ট্রেনে যাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে। কোভিডের জেরে স্কুল-কলেজ বন্ধ করার পথে হেঁটেছে পঞ্জাব সরকারও। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শুধু মেডিক্যাল এবং নার্সিং কলেজ। আগের মতোই সেই প্রতিষ্ঠানগুলি খোলা থাকবে।

বিধানসভা নির্বাচন রয়েছে পাঞ্জাবে!
উল্লেখ্য, চলতি বছরই বিধানসভা নির্বাচন পাঞ্জাবে। যথারীতি প্রচারের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এ বছর যে ক'টি রাজ্যে নির্বাচন, তার মধ্যে একমাত্র এই রাজ্যেই ক্ষমতায় আছে কংগ্রেস। কাজেই এই রাজ্যে জয় তাদের কাছে বহুকাঙ্ক্ষিত। পুরোদমে প্রচারও করছে তারা, মানুষ আসছেন সেই সমস্ত সভায়৷ কিন্তু একইসঙ্গে রয়েছে কোভিড ভয়৷ অনেকেই মনে করছেন, যাতে রাজ্যে সংক্রমণ মাত্রাতিরিক্ত না বাড়ে, তার জন্য এই নাইট কার্ফুর ভাবনা সেই রাজ্যের সরকারের। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সমস্ত রাজনৈতিক জমায়েতেও জমায়েতে নিষেধাজ্ঞা থাকবে? এই প্রশ্নের উত্তর যদিও এখনও অধরা।

শুধু পাঞ্জাব নয় একই পথে অন্যরাও!
পাঞ্জাবের আগেই উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ একধিক রাজ্য নাইট কার্ফুর পথে হেঁটেছে৷ এমনকি বাংলায় বর্ধিত সংক্রমণের কারণে আংশিক লকডাউনের মতো বিধিনিষেধ শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে৷ রাজ্যের স্কুল কলেজেগুলিতে পঠনপাঠন আরও একবার বন্ধ করে দেওয়া হয়েছে। বিউটিপার্লার, স্পা, জিম সহ বিনোদনের জায়গাগুলি বন্ধ রাখা হয়েছে৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন ও বাস চালানোর কথা বলেছে রাজ্য সরকার৷ পাশাপাশি অফিসেও ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের কথা বলা হয়েছে সরকারি নোটিশ জারী করে৷












Click it and Unblock the Notifications