হঠাৎ করে মোবাইলে 'এই অ্যালার্ট'! ক্লিক করছেন? কী লেখা তাতে? কেন এই সতর্কবার্তা? জানুন
আজ, ২০ ফেব্রুয়ারি সকাল প্রায় ১১টা ৫৮ মিনিট নাগাদ দেশজুড়ে অনেক মানুষের মোবাইলে হঠাৎ বেজে ওঠে তীব্র সতর্কবার্তা। স্ক্রিনে 'Test Alert' লেখা একটি ফ্ল্যাশ মেসেজ ভেসে ওঠে। অ্যান্ড্রয়েড এবং আইফোন দুই ধরনের ব্যবহারকারীর কাছেই পৌঁছয় এই নোটিফিকেশন।

বার্তায় জানানো হয় যে, এটি আসলে একটি পরীক্ষামূলক সম্প্রচার। ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (National Disaster Management Authority) এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন্স (Department of Telecommunications)-এর যৌথ উদ্যোগে সেল ব্রডকাস্ট প্রযুক্তির কার্যকারিতা যাচাই করার জন্যেই এই মহড়া চালানো হয়েছে। এই ব্যবস্থা যদি চালু হয় ভূমিকম্প, সুনামি, হঠাৎ বন্যার মতো বিপর্যয়ের সময় সাধারণ মানুষকে তাড়াতাড়ি সতর্কবার্তা পাঠানো যাবে।
মেসেজে স্পষ্ট করে বলা হয়েছে যে, এটি শুধুমাত্র একটি পরীক্ষামূলক। এই সময়ে একাধিকবার এই একই বার্তা আসতে পারে এবং সাধারণ মানুষের কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
প্রেস ইনফরমেশন ব্যুরো (Press Information Bureau)-এর ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, সারা দেশে ধাপে ধাপে এই সিস্টেমের পরীক্ষা চলছে। বিভিন্ন মোবাইল টাওয়ার অথবা বেস স্টেশন ট্রান্সসিভারের মাধ্যমে বার্তা পাঠিয়ে দেখা হচ্ছে যে, পরিষেবাটি ঠিকভাবে কাজ করছে কি না।
পরীক্ষার এই পর্যায়ে ইংরেজি এবং হিন্দিতে বার্তাগুলি পাঠানো হচ্ছে। তবে সম্পূর্ণভাবে চালু হলে একাধিক ভারতীয় ভাষায় সমস্ত ধরনের মোবাইলে জরুরি সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications