ফুটবলে সফল, রাজনীতির ময়দানে টানা ছয় বার ভোটে হারলেন ভাইচুং ভুটিয়া
ফুটবলের ময়দানে ধারাবাহিক সাফল্য ভাইচুং ভুটিয়ার। কিন্তু রাজনীতির ময়দানে যেন ধারাবাহিক ব্যর্থতা। সিকিমের বাসিন্দা ভাইচুং কিছুতেই রাজনীতিতে সফল হতে পারছেন না। মানুষের রায় তাঁর পক্ষে যাচ্ছে না। আরও একবার সেই ঘটনা দেখা গেল সিকিমের বিধানসভা নির্বাচনের ফলাফলে।
আজ সিকিম বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ৩২ টি আসনের বিধানসভা নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট। সিকিম ক্রান্তিকারী মোর্চা ৩১ টি আসন জিতে ফের ক্ষমতায় এল। সিকিমের মুখ্যমন্ত্রী পদে ফের দেখা যাবে প্রেমসিং লামা।

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমসিং লামা জয়ী হয়েছেন ৭,০৪৪ ভোটে। রেহনক বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তিনি মোট ১০ হাজার ৯৪ টি ভোট পেয়েছেন। তবে রাজনৈতিক ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না ভারতীয় ফুটবলের প্রাক্তন কিংবদন্তির৷
সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের সহ সভাপতি ভাইচুং ভুটিয়া এবার নির্বাচনে লড়াই করেছিলেন। বারফুং আসন থেকে তিনি সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট দলের হয়ে নির্বাচনে লড়ছেন। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন সিকিম ক্রান্তিকারি মোর্চার রিক্সাল দর্জি ভুটিয়া। রবিবার সকালে ভোট গণনার শুরু হয়।
গণনার ট্রেন্ড ভাইচুং ভুটিয়ার সমর্থনে যাচ্ছিল না শুরু থেকেই৷ প্রথম রাউন্ড থেকেই পিছিয়ে পড়তে দেখা যায় তাঁকে। বেলা যত বেড়েছে পিছিয়ে যাওয়ার ব্যবধান বেড়েছে৷ এক সময় শোনা গিয়েছে চার হাজার ভোটে পিছিয়ে যায় তিনি। শেষ পর্যন্ত হার স্বীকার করে নিতে হয় পাহাড়ি বিছেকে৷
শেষ খবর পাওয়া পর্যন্ত ভাইচুং ভুটিয়া ৪,৩৪৬ ভোটে পরাজিত হয়েছেন। ভোটে জিতে চওড়া হাসি দিয়েছেন সিকিম ক্রান্তিকারি মোর্চার রিক্সাল দর্জি ভুটিয়া। এই নিয়ে পর পর ছ'বার নির্বাচনে হারলেন ভাইচুং ভুটিয়া।
গত ১০ বছর সক্রিয় রাজনীতিতে রয়েছেন ভাইচুং ভুটিয়া৷ বাংলায় থাকার সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক মধুর হয়েছিল। তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন ভাইচুং ভুটিয়া। দার্জিলিং থেকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে লড়েন। শিলিগুড়ি থেকে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। দু'বারই তিনি হেরে যান।
সিকিমে ফিরে গিয়ে হামরো দল তৈরি করেছিলেন। গ্যাংটক এবং তুমেন-লিঙ্গি থেকে ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে লড়েন। কিন্তু দুই জায়গাতেই পরাজিত হয়েছিলেন। পরে তিনি গ্যাংটক থেকে ২০১৯ সালের উপ নির্বাচনেও লড়াই করেছিলেন। তখনও মানুষের সমর্থন পাননি তিনি।
টানা পাঁচ বার নির্বাচনে হার। এই বছর ফের সাফল্যের আশায় ভোটে প্রার্থী হওয়া। এবারও ব্যর্থ তিনি। টানা ছয় বার নির্বাচনে হার ভাইচুং ভুটিয়ার।












Click it and Unblock the Notifications