Adani Group: আদানি গ্রুপের ওপর বিশেষ নজরদারি, কী নির্দেশ দিল সেবি? চাওয়া হল তথ্যও
Adani Group: সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া তথা সেবি-র (The Securities and Exchange Board of India (Sebi) তরফে এক্সচেঞ্জগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আদানি গ্রুপের অংশীদারদের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়। সূত্রের খবর, স্টক এক্সচেঞ্জের তরফে আদানি গ্রুপকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে এলওডিআর বা লিস্টিং অবলিগেশন অ্যান্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্ট-এর বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে আদানি গ্রুপের কাছে।
সম্প্রতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানির (Adani Group) বিরুদ্ধে বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে আমেরিকার আদালতে। তারপরই এই চিঠি দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সংস্থা বা সংস্থার কর্তাদের বিরুদ্ধে কোনও তদন্ত শুরু হয়নি।

সূত্রের খবর, আপাতত বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই কোনও তদন্ত হচ্ছে না, সবটাই নজরদারির স্তরে রাখা হয়েছে। তবে কোনও খামতি পাওয়া গেলে পদক্ষেপ করতে পারবে এক্সচেঞ্জ। আদানিদের তরফে এখনও পর্যন্ত চিঠির কোনও জবাব পাওয়া যায়নি।
অভিযোগ উঠেছে, ভারতে একটি প্রকল্পের বরাত পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দেন আদানিরা। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে, স্টক এক্সচেঞ্জে ভুল তথ্য দেওয়ার অভিযোগও উঠেছে। এই বিষয়ে মুখ খোলেনি আদানি গোষ্ঠী। তবে, সংস্থার তরফে বাজারে বন্ড ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
এদিকে, গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ফলে বেশ অস্বস্তিতে রয়েছেন আদানি। সংস্থার বক্তব্য, দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ হিসেবেই গণ্য করতে হবে অভিযুক্তদের। আদানি ও তাঁর ভাইপো ছাড়াও গৌতম জৈনের নামও জড়িয়েছে এই মামলায়। মোট পাঁচটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications