করোনা লকডাউন : দিনমজুরদের সাহায্য করতে যেভাবে এগিয়ে এসেছে সরকার
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কঠোর হয়েছে সরকার। সারা দেশ জুড়ে ২১ দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে সব থেক বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দিনমজুররা। দেশে অসংগঠিত কাজের সঙ্গে যুক্ত ৩৯ কোটি ১৪ লক্ষ মানুষ। করোনা লকডাউনের ক্ষেত্রে এদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই পরিস্থিতি সামাল দিতেই বিভিন্ন রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

২৩৫ কোটি টাকা বরাদ্দ উত্তরপ্রদেশে
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিনমজুরদের জন্য ১০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই। করোনা সংকটের মধ্যে সেই রাজ্যের গরিবদের জন্য ঘোষণা করেছেন ২৩৫ কোটি টাকার তহবিলের।

দিনমজুরদের ১০০০ টাকা করে অনুদান
করোনা ভাইরাসের জেরে প্রবল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন গরিব মানুষ। একাধিক ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় অধিকাংশ দিনমজুর এবং নির্মাণকর্মী কর্মহীন হয়ে পড়েছেন। উত্তর প্রদেশের প্রায় ১৫ লাখ দিন মজুর এবং ২০.৩৭ লাখ নির্মাণ শ্রমিকদের ১০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ধোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। এদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ৫ লাখের বেশি দিনমজুরের। এই পরিস্থিতিতে তাদের সাহায্য করতে প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ পদক্ষেপ নীতীশ কুমারের
এদিকে করোনার প্রভাবে জেরবার গরিবদের সাহায্য করার জন্য প্যাকেজ ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। এক মাসের জন্য ফ্রিতে রেশন দেওয়া হবে। বিহারের সমস্ত সরকারি স্কুলে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কলারশিপ দেওয়ার কথাও ঘোষণা করেন নীতীশ কুমার। এছাড়া রেশন কার্ড হোল্ডারদের পরিবারকে ১০০০ টাকা করে দেওয়া হবে। একইসঙ্গে পেনশন হোল্ডারদের আগাম দেওয়া হবে।

অন্ধ্রপ্রদেশেও অসংগঠিত দিনমজুরদের সাহায্য
বিহার, উত্তরপ্রদেশ, বিহারের পাশাপাশি ১০০০ টাকা অনুদানের ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও। তিনি জানিয়েছেন, বিপিএল কার্ড হোল্ডারদের ও সমস্ত অসংগঠিত দিনমজুরদের এই অনুদান দেওয়া হবে। বাড়িতে গিয়ে এই অনুদান দিয়ে আসার পাশাপাশি চাল, ডাল, তেল নুন সর্বরাহের কথাও বলেছেন তিনি। এই পুরো বিষয়টির জন্য তিনি ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

গুজরাতে ৬০ লক্ষ পরিবারকে বিনামূল্যে রেশন
গুজরাতেও ৬০ লক্ষ পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে ঘোষণা করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। প্রায় ৩.২৫ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আটা, চাল, চিনি, নুন, ডাল। মানুষ প্রতি ৩.৫ কিলো আটা, ১.৫ কেজি চাল ও পরিবার প্রতি ১ কেজি করে চিনি, ডাল ও নুন দেওয়া হবে।












Click it and Unblock the Notifications