নোটে এমন দাগ থাকলেও তা অচল নয়, জানিয়েদিল রিজার্ভ ব্যাঙ্ক
বাজার চলতি নোটে কিছু লেখা থাকলে কিংবা 'স্টেপল' করার দাগ থাকলেও সেটি গ্রহণযোগ্য। এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বাজার চলতি নোটে কিছু লেখা থাকলে কিংবা 'স্টেপল' করার দাগ থাকলেও সেটি গ্রহণযোগ্য। এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের শীর্ষ ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন, বৈধ নোটে কিছু লেখা থাকলে সেটি অচল , এমন কোনও নির্দেশ তাঁরা দেননি।

বিভিন্ন অঙ্কের টাকার নোটে কিছু লেখা থাকলে কিংবা 'স্টেপল' করা থাকলে সেটি গ্রহণ যোগ্য কিনা তা নিয়ে সাধারণ জনতার মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক সময় বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক সেগুলি ফিরিয়ে নিচ্ছে না বলে অভিযোগ সাধারণ গ্রাহকদের। অন্যদিকে, ব্যাঙ্কগুলির পাল্টা দাবি, গ্রাহকরাই কাউন্টার থেকে সেই সমস্ত নোট নিচ্ছেন না। অথচ কিছু লেখা থাকলে কিংবা 'স্টেপল' করা নোট গ্রহণযোগ্য নয়, এমন কোনও নির্দেশ দেয়নি শীর্ষ ব্যাঙ্ক।

তবে ব্যাঙ্কের শীর্ষ কর্তারা জানিয়েছেন, কোনও নির্দেশ না থাকায় শুধু ব্যাঙ্ক নয়, গ্রাহকদেরও এই ধরনের নোট ব্যবহার করতে হবে। বিষয়টি নিয়ে কোনও ব্যাঙ্কের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, সেই ব্যাঙ্কের শীর্ষ দফতরে যোগাযোগ করা যেতে পারে। যে ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যাঙ্কের শীর্ষ দফতরের ঠিকানা ব্যাঙ্কগুলিতে টানিয়ে দেওয়াই থাকে।
তবে নোট নিয়ে ভুল বোঝাবুঝির যে একটা কারণ রয়েছে, তার উল্লেখ করা দরকার। এক্ষেত্রে দেশের শীর্ষ ব্যাঙ্কের 'ক্লিন নোট পলিসি' বা 'স্বচ্ছ নোট নীতি'কেই কেউ কেউ নির্দেশ বলে ভুল করছেন। 'ক্লিন নোট পলিসি'তে শীর্ষ ব্যাঙ্ক নোটে কিছু না লিখতে কিংবা 'স্টেপল' না করতে সকলের কাছে আবেদন জানানো হয়েছে। কেননা এইসব কাজে নোটে ক্ষতি হয়। বিশেষ করে সেই নোটটির কার্যকালের মেয়াদ কমে যায়। সেক্ষেত্রে আবার নোট ছাপাতে খরচ বাড়ে। তাই রিজার্ভ ব্যাঙ্কের 'ক্লিন নোট পলিসি' কে নির্দেশ বলে ধরার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন বিভিন্ন ব্যাঙ্কের শীর্ষ কর্তারা।












Click it and Unblock the Notifications