সংসদে পাশ হওয়া আইন অমান্য করতে পারে না রাজ্যগুলি, সিএএ নিয়ে মন্তব্য কংগ্রেস নেতা কপিল সিব্বলের
কোনও রাজ্য বলতে পারে না যে সংসদে পাস হওয়া আইন মেনে চলব না। সিএএ-র বিরোধিতা করলেও এমনই দাবি করলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। কোঝিকোড়ে কেরল সাহিত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, 'কোনও রাজ্য সরকারের পক্ষে এটা বলা কঠিন যে আমরা দেশের সংসদে পাস হওয়া আইনকে মেনে চলব না। রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা দিচ্ছে তারা নাগরিকত্ব আইন, এনআরসি ও এনআরপি নিয়ে অখুশি। এনআরসি তৈরি হয় এনআরপির উপরে ভিত্তি করে। এবং সেটা কোনও স্থানীয় রেজিস্ট্রার বাস্তবায়িত করবেন।'

'সংসদে পাস হওয়া আইন মেনে চলতে হয় রাজ্যগুলিকে'
এরপর কপিল আরও বলেন, 'বলা হচ্ছে আমরা রাজ্য স্তরের আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করতে দেব না। আমি জানি না এটা সম্ভব কিনা। এটা একটা ধূসর এলাকা। সাংবিধানিক ভাবে কোনও সরকারের পক্ষে এটা বলা কঠিন যে, আমি সংসদে পাস হওয়া আইন মেনে চলব না। আমি মনে করি আমাদের সকলের উচিত একসঙ্গে দাঁড়ানো। রাজনৈতিক ভাবে একত্রিত হয়ে এই লড়াই করা উচিত আমাদের।'

কেন্দ্রকে আক্রমণ
কেন্দ্রকে আক্রমণ করে কোঝিকোড়ের সিব্বল বলেন, 'কেন্দ্রীয় সরকার নিজের জনগণকে রক্ষা করার পরিবর্তে তাদের 'আক্রমণ' করছে।' তিনি আরও বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তানের স্বপ্ন দেখেন। তিনি ঘুম থেকে উঠে পাকিস্তানের কথা বলেন। সংসদে আলোচনার সময় তিনি পাকিস্তানের কথা বলেন। তিনি ভারত সম্পর্কে পুরোপুরি ভুলে গেছেন। আমাদের দেশ অনেকগুলি সমস্যায় পড়েছে। চাকরি নেই, বৃদ্ধির হার কমেছে, কৃষকরা সংকটের সম্মুখীন। তবে আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তান নিয়ে চিন্তিত।'

এনআরসির সমালোচনায় সিব্বল
এদিকে কেন্দ্রের প্রস্তাবিত এনআরসির সমালোচনা করে সিব্বল বলেন, 'এনআরসি শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়। এনআরসি দেশের মানুষের বিরুদ্ধে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের স্বার্থ রক্ষার্থে সিএএ-র বিরোধ করব। এই সরকার মিথ্যাচার ছড়াচ্ছে। এটি একটি দীর্ঘ লড়াই। তবে আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। কংগ্রেস একটি প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা আইনটির বিরুদ্ধে লড়াই করব এবং পরাজিত করব।'

কেরলের রাজ্যপালের সমালোচনা
কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানেরও সমালোচনা করেন। প্রসঙ্গত, বাম-শাসিত রাজ্য সরকারের সাথে সিএএ বিরোধী রেজোলিউশন পাশ করাকে অসাংবিধানিক বলেছিলেন তিনি। আরিফ খানকে সংবিধান পড়ার পরামর্শ দিয়ে সিব্বল বলেন, 'তারা এখানে একজন রাজ্যপালকে পাঠিয়েছে। তারা কি ভাবছিল? আরিফ খান আমার পুরানো বন্ধু। আমি তাঁকে সংবিধানটি পড়ার পরামর্শ দিতে চাই। এবং যদি সে বুঝতে অক্ষম হয় তবে আমি তাঁকে এটি বুঝতে সাহায্য করব।'












Click it and Unblock the Notifications