পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার
কলকাতা হাইকোর্টে বারবার ধাক্কা! পুর-দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। এর আগে দুবার সিঙ্গল বেঞ্চে ধাক্কা খায় রাজ্য সরকার। এমনকি ডিভিশন বেঞ্চও পুরসভায় নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে।
আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হবে। ইতিমধ্যে পুর দুর্নীতি মামলায় রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে তথ্য চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

একই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরকেও চিঠি দেওয়া হয়েছে ইডির তরফে। একদিকে যখন এই চিঠি চেয়ে তথ্য তলব করছে তদন্তকারী সংস্থা তখন এহেন তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পান আধিকারিকরা। এমনকি ধৃত অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুরসভাতে নিয়োগেও যে দুর্নীতি হয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য পান।
আর তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানানো হলে আদালত নতুন এফআইআর করে তদন্তের নির্দেশ দেন। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। যদিও সেই মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ফিরে আসে। দীর্ঘ শুনানি শেষে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি।
এই নির্দেশকে সামনে রেখেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেখানেও ধাক্কা খায় সরকার। সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে কলকাতা হাইকোর্ট। বারবার ধাক্কার পরেও পুর-দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। সেখানে রাজ্য সরকার স্বস্তি পায় কিনা সেদিকেই নজর সবার।

বলে রাখা প্রয়োজন, ২০১৪ সাল থেকে পুরসভায় এখনও পর্যন্ত কতজনকে নিয়োগ করা হয়েছে তার তথ্য তলব করা হয় পুর-নগরন্নয়ন দফতর এবং রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কমিশনের থেকে। কোন কোন এজেন্সিকে দিয়ে পুরনিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল তার তথ্য তলব করা হয়েছে।












Click it and Unblock the Notifications