Sukanta Majumdar: বাংলায় হিন্দু-নিপীড়ন, চাকরি বাতিল নিয়ে দিল্লিতে প্রতিবাদ BJP-র; সুকান্ত-সহ সাংসদরা আটক
Sukanta Majumdar: পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচারের বারবার অভিযোগ করে এসেছে বিজেপি। সেই আগুনে সাম্প্রতিক ঘি ঢেলেছে মোথাবাড়ির কাণ্ড। আর এবার বাংলায় হিন্দু নিপীড়নের প্রতিবাদে দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ জানান সাংসদ ও নেতাকর্মীরা। বিক্ষোভের মাঝেই সুকান্ত-সহ বেশ কয়েকজন নেতৃত্বকে আটক করে বাসে তুলে থানায় নিয়ে যায় পুলিশ।
বিক্ষোভ থেকে মমতার বিরুদ্ধে হায় হায় স্লোগান দিতে থাকেন বিজেপির নেতাকর্মী। মোথাবাড়িকাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ডও দেখা যায় সুকান্ত মজুমদারের হাতে। 'মমতা ব্যানার্জি গদি ছাড়ো' স্লোগানও ওঠে। প্রসঙ্গত, বঙ্গভবনে বিক্ষোভের আগে এদিন বাংলায় চাকরি বাতিল কাণ্ডে দিল্লিতে সরব হয় বিজেপি। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে মমতা সরকারের তীব্র নিন্দা সম্বিত পাত্র ও সুকান্ত মজুমদারের।

মুখ্যমন্ত্রীর তহবিল থেকে চাকরিহারা যোগ্যদের বেতন দেওয়ার দাবি তুললেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই চাকরি বাঁচাতে পারতেন। আমার প্রথম চাকরি স্কুল সার্ভিস কমিশন দিয়ে। আমার স্ত্রী এখনও চাকরি করেন। বাংলায় সবসময় শিক্ষকদের শ্রদ্ধা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টপার, গোল্ড মেডেলিস্টরা কাঁদছিলেন। এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি।"
হরিয়ানার ও পি চৌতেলার পর শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি এবার জেলে যাবেন বলে দাবি সুকান্তর। অন্যদিকে বাংলায় বিজেপি সরকারের ক্ষমতায় আসা উচিত বলে মন্তব্য সম্বিত পাত্রের। এদিন তিনি বলেন, "মমতা ব্যানার্জির আর ক্ষমতায় থাকার অধিকারই নেই। যদি ওনার এতটুকু দায়িত্ববোধ থেকে থাকে, তাহলে ইস্তফা দেওয়া উচিত। উনি জেলে যাবেনই, এটা নিশ্চিত।"
প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক রায়ে চাকরি চলে গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের। এসএসসি মামলার রায়ে ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। যোগ্য ও অযোগ্যের তালিকা দিতে ব্যর্থ হয়েছে কমিশন। আর তাই কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট। যার জেরে যোগ্য শিক্ষকরাও চাকরিচ্যুত হন।












Click it and Unblock the Notifications