সংঘ প্রধান মোহন ভাগবতের '১৩০ কোটি ভারতীয় হিন্দু' মন্তব্যের জেরে দ্বিধাবিভক্ত এনডিএ
বিজেপি ও আরএসএস-এর হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে এবার সরব হলেন এনডিএ-র মন্ত্রী। কয়েকদিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত হায়দরাবাদে আয়োজিত 'বিজয় সংকল্প' সভায় বলেন, '১৩০ কোটি ভারতীয়কে আমরা হিন্দু সমাজ বলে মনে করি।' এবার সেই প্রেক্ষিতে অন্য সুর শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী তথা মহারাষ্ট্রের নেতা রামদাস আঠওয়ালের গলায়। তিনি এই বিষয়ে বলেন, 'দেশের সবাইকে হিন্দু বলা ঠিক নয়।' এই মন্তব্যের বিরুদ্ধে টুইট করেন আরও এক বিজেপি শরিক লোক জনশক্তি পার্টি প্রধান রামবিলাস পাসোয়ানও।

কী বলেছিলেন আরএসএস প্রধান?
এর আগে মোহন ভাগবত হিন্দুত্ব ইস্যুতে জোর খাটাতে মন্তব্য করেন, 'ধর্ম আর সংস্কৃতির ভেদ বাদে, যে মানুষদের জাতীয়বাদী উদ্দম রয়েছে আর যাঁরা দেশের সংস্কৃতি ও তার ঐতিহ্যকে সম্মান করেন , তাঁরা হিন্দু। আর আরএসএস মনে করে ১৩০ কোটি ভারতীয়ই এদেশের হিন্দু সমাজের বাসিন্দা। ভারত মায়ের যে সন্তানরা রয়েছেন, তাঁরা যেই হোক, যে ভাষাতেই কথা বলুন, যে ধর্মই পালন করুন, বা যে পুজোপাঠেই বিশ্বাস করুন, এঁরা সকলেই হিন্দু।'

ভাগবতের মন্তব্যের বিরোধিতায় আঠওয়ালে
এই প্রেক্ষিতে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান আঠওয়ালে বলেন, 'সমস্ত ভারতীয়কে হিন্দু বলাটা ঠিক নয়। একটা সময় ছিল যখন এই দেশের সবাই বৌদ্ধ ধর্মাবলাম্বী ছিলেন। যদি মোহন ভাগবত মনে করেন যে, সবাই ভারতীয় তা হলে ঠিক আছে। আমাদের দেশে নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। দেশে বৌদ্ধ, শিখ, হিন্দু, খ্রিস্টান, পারসি, জৈন, লিঙ্গায়ত, বহু ধর্মের লোকেরা থাকেন।'

বিরোধিতায় টুইট রামবিলাস পাসোয়ানের
এদিকে মোহন ভাগবতের হিন্দুত্ববাদী এই মন্তব্যের বিরোধিতা করে টুইট করেছেন এলজেপি প্রধান রামবিলাস পাসোয়ান। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'দেশে সব ধর্ম ও জাতির লোকের বসবাস। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ। আমাদের সংবিধান আমাদের এই উপহার দিয়েছে যার দরুন আমরা কোনও বাধা ছাড়াই যে কোনও ধর্মে বিশ্বাস রাখতে পারি।'

বিরোধীরাও তোলেন সমালচনার ঝড়
মোহন ভাগবতের এই মন্তব্যের জেরে বিরোধীরাও সমালচনার ঝড় তোলেন। এই বিষয়ে সিপিএইএম নেত্রী বৃন্দা কারাট মোহন ভাগবতকে দেশের সংবিধান পাঠের পরামর্শ দেন। তিনি বলেন, 'মোহন ভাগবত হয়ত দেশের সংবিধান মানেন না, কিন্তু এই ধরণের মন্তব্য করার আগে ওনার উচিত সংবিধানটা ভালো করে পড়া। ওনাকে একজন দায়িত্ববান মানুষ মনে হয়, কিন্তু এরকম সংবিধান বিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? কে ভারতীয় আর কে ভারতীয় নয় তা দেশের আইন নির্ধারণ করবে, মোহন ভাগবত কেউ নয় তা ঠিক করে দেওয়ার। আমরা দেশের সংবিধান মানি।'












Click it and Unblock the Notifications