শিক্ষক দিবসের আগেই সমস্ত শিক্ষকদের টিকাকরণে জোর, রাজ্যগুলিকে বিশেষ নির্দেশ কেন্দ্রের
শিক্ষক দিবসের আগেই সমস্ত শিক্ষকদের টিকাকরণে জোর, রাজ্যগুলিকে বিশেষ নির্দেশ কেন্দ্রের
আগামী ডিসেম্বেরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্ত বয়ষ্ককে টিকাকরণের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। এদিকে এখনও পর্যন্ত দেশে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৩৫ শতাংশের কাছাকাছি মানুষ। টিকার দুটি ডোজই পেয়েছেন ১০ শতাংশ মানুষ। কিন্তু যে হারে টিকাকরণ চলছে তাতে ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে কিনা সেই বিষয়ে রয়েছে ধোঁয়াশা। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হতেই একাধিক রাজ্য স্কুল-কলেজ খোলার তোড়জোড় শুরু করেছে।

শিক্ষক দিবসের আগেই টিকাকরণে জোর
কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা হিসাবে ছাত্র থেকে শিক্ষক সকলের টিকারণ নিয়ে বাড়ছে উদ্বেগ। এবার সেই উদ্বেগ দূর করতেই মাঠে নামল কেন্দ্র সরকার। আর তাই টার্গেট করা হচ্ছে ৫ সেপ্টেম্বরের শিক্ষক দিবসকে। এবার সেই লক্ষ্যেই বড় ঘোষণা করতে দেখা গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে। শিক্ষক দিবসের আগেই সমস্ত স্কুলের শিক্ষকরা যাতে করোনা টিকা পান, তার জন্য সমস্ত রাজ্যকে ইতিমধ্যেই বিশেষ অনুরোধ করেছেন তিনি।

আসছে ২ কোটির উপর বাড়তি ডোজ
অন্যদিকে চলতি মাসে, রাজ্যগুলিকে বাড়তি ২ কোটির উপর ডোজ পাঠানো হবে বলেও ইতিমধ্যেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে করোনা অতিমারীর কারণে প্রায় গত দেড় বছর ধরে কার্যত বন্ধ দেশের সব স্কুল। বন্ধ রয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ও। চলছে অনলাইনে পড়াশোনা। কিন্তু তাতে মিটছে না সমস্যা। পিছিয়ে পড়ছে গ্রামাঞ্চলের পড়ুয়ারা। এমনকী ডিজিটাল ডিভাইডের কারণে বেকায়দায় পড়ছেন অবিভাবকেরাও। এদিকে দ্রুত স্কুল-কলেজ খোলার দাবিতে একাধিক রাজ্যেই ইতিমধ্যেই পথে নেমেছেন পড়ুায়ারাও।

বাংলায় বাড়ছে উদ্বেগ
এদিকে করোনা পরিস্থিতির নতুন করে অবনতি না হলে পুজো মিটতেই স্কুল খুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যদিও এখও বাংলার বহু শিক্ষক-শিক্ষিকা টিকা না পাওয়াতে বাড়ছে উদ্বেগ। এমনকী টিকা পাননি পড়ুয়ারাও। এদিকে ১৮ বছরের কম বয়সিদের করোনা ঝুঁকি কম থাকলেও তারা যে পুরোপুরি করোনা মুক্ত একথা কেউই বলছেন না। তাই স্বভাবতই উদ্বেগ কাজ করছে অবিভাবকদের মধ্যেও।

টুইট স্বাস্থ্য মন্ত্রীর
এদিকে ৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত শিক্ষককে টিকাকরণে অগ্রাধিকার দিতে এদিন একটি টুইট করতে দেখা গিয়েছে স্বাস্থ্য মন্ত্রীকে। তাতে তিনি লেখেন, "আমরা সমস্ত রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছি যাতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের আগে সমস্ত স্কুল শিক্ষকদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এই বিষয়ে সকলকেই এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।' এদিকে বাংলার পাশাপাশি স্কুল খোলার তোড়তোড় চলছে একাধিক রাজ্যে। এমতাবস্থায় কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।












Click it and Unblock the Notifications