করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পান মশলা ও গুটখা বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ আন্দামানের
পান মশলা ও গুটখা বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ
করোনা কালে তামাক বা তামাকজাত দ্রব্য বর্জন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু–এর পক্ষ থেকে অনেক আগেই সতর্কতা জারি করা হয়েছিল। সম্প্রতি হু এই জানিয়েছে যে ধূমপান করলে করোনা সংক্রমণের ঝুঁকি ও মৃত্যু ৫০ শতাংশ বেড়ে যায়। এবার হু–এর কথাতেই আমল দিতে দেখা গেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। সম্প্রতি এই কেন্দ্রশাসিত এলাকায় কোভিড–১৯–এর তীব্র সংক্রমণ দেখা দেওয়ায় দক্ষিণ আন্দামান জেলা প্রশাসন সব ধরনের পান মশলা ও গুটখা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

পান মশলা–গুটখার ওপর নিষেধাজ্ঞা
দক্ষিণ আন্দামান জেলায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার অবস্থিত। দক্ষিণ আন্দামান জেলা শাসক সুনীল আচিপাকা ২ জুন এই নির্দেশে জানিয়েছেন যে পান মশলা ও গুটখার উৎপাদন, মজুত করে রাখা, বন্টন ও বিক্রির ওপর একমাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলআ শাসক তাঁর নির্দেশে এও জানিয়েছেন যে এই দ্বীপপুঞ্জে বসবাসকারী বাসিন্দাদের অভ্যাস হল তামাক বা পান খেয়ে তা প্রকাশ্যে থুতুর মাধ্যমে ফেলা, যা এই মারণ ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে।

আদেশ অমান্য করলে শাস্তি
জেলা শাসক এও জানিয়েছেন যে এই আদেশ অমান্য করলে লঙ্ঘনকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে শাস্তি ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ এর আওতায় প্রাসঙ্গিক ব্যবস্থা এবং এমনকী জরিমানাও করা হতে পারে।

করোনা পরিস্থিতি
বৃহস্পতিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এখানে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭,০৪৩। কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় করোনা কেসের সংখ্যা ১৪৩, যার মধ্যে ১৩৪ জন দক্ষিণ আন্দামানের। গত মাসে আন্দামানে করোনায় মৃত্যুহার ছিল ৪.২ শতাংশ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি জেলা দক্ষিণ আন্দামান, উত্তর ও মধ্য আন্দামান ও নিকোবর রয়েছে।

হু–এর ধূমপান বিরোধী প্রচার
প্রসঙ্গত, ধূমপান বিরোধী প্রচারে উদ্যোগ নিয়েছে হু। আর সেই প্রচার করার সময়ই সকলকে সতর্ক করছেন সংস্থার প্রধান। হু প্রধান বলেন, 'দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বাড়ে ধূমপায়ীদের। সুতরাং কোভিডে মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছেড়ে দেওয়াই উত্তম।' তিনি আরও জানান, শুধু কোভিড নয়, ধূমপান ছাড়লে ক্যান্সার, হৃদরোগ এবং ফুসফুসঘটিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। সেই সঙ্গে তিনি সমস্ত দেশকে অনুরোধ জানান, 'হু'-এর এই প্রচারে অংশ নিতে, যাতে তামাক-মুক্ত পরিবেশ সকলকে উপহার দেওয়া যায়।












Click it and Unblock the Notifications